কোন কর্তৃত্ববলে পুলিশের গুলি, জানতে চেয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ কোন কর্তৃত্ববলে গুলি ছুড়েছে, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া গুলি ছোড়ার ঘটনায় পুলিশ রেগুলেশন অ্যাক্টের ১৫৬ ও ১৫৭ ধারা অনুসারে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে রুলসহ এ নির্দেশ দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আর গুলি ছোড়ার ঘটনায় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আইজিপি, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও মতিহার থানার ওসিকে।
বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে ২ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি চালালে শতাধিক শিক্ষার্থী আহত হন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ ফেব্রুয়ারি রিট আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক উল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, নিজেরা করির সমন্বয়ক খুশী কবিরসহ ১৪ জন বিশিষ্ট নাগরিক।
গতকাল রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।