কোন কাননের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি অনেকটা সিনেমার কাহিনির মতো। শিশুটিকে পাওয়া গেছে ট্রেনের কামরায়। বোরকা পরা এক নারী কোলে দিয়েই সটকে পড়েছিলেন। নাম-পরিচয়হীন শিশুটিকে নিয়ে এখন নানা রকম কথার মুখোমুখি হচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাদিরা বেগম (২২) ও তাঁর মা নূরজাহান বেগম (৬৫)।নান্দাইল উপজেলার কপালহর গ্রামের মৃত আ. জব্বারের মেয়ে নাদিরা বেগম জানান, তিনি সাত বছর ধরে ঢাকার আগারগাঁওয়ের তালতলা এলাকার এক ইতালিপ্রবাসীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ছুটি নিয়ে বাড়ি আসার সময়ে বলাকা এক্সপ্রেস ট্রেনে চড়েন। ঢাকার কাছে রাজেন্দ্রপুর স্টেশনে আসার পর বোরকা পরা এক নারী ওই শিশুটিকে নিয়ে নাদিরার পাশের সিটে বসেন। একসময় ওই নারী প্রাকৃতিক কাজে যাওয়ার কথা বলে শিশুটিকে নাদিরার কোলে দিয়ে যান। সারা পথে শিশুটিকে কোলে নিয়ে অপেক্ষা করলেও ওই নারী আর ফিরে আসেননি। গফরগাঁও স্টেশনে নেমে নাদিরা অপেক্ষা করার পরও ওই নারীর খোঁজ পাওয়া যায়নি। পরে স্টেশনে উপস্থিত লোকজনের পরামর্শমতো নাদিরা বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর পাড়া-প্রতিবেশীরা শিশুটিকে নিয়ে নানা রকম কথাবার্তা বলতে শুরু করেন। নাদিরা মাতৃস্নেহে শিশুটিকে লালন-পালন করতে থাকেন। কিন্তু দুধ কিনে খাওয়ানোর ক্ষমতা তাঁর নেই। মায়ের দুধ ছাড়া বাচ্চাটিকে কীভাবে বাঁচাবেন—এই চিন্তা এখন নাদিরা ও তাঁর মা নূরজাহান বেগমের। নাদিরা ও তাঁর মা জানান, তাঁরা গরিব মানুষ। দুধ কিনে যে খাওয়াবেন সেই সামর্থ্য নেই। এলাকার অনেকে বাচ্চাটিকে দত্তক নিতে চাইলেও মায়ার টানে বাচ্চাটিকে দত্তক দিতেও চাইছে না নাদিরার পরিবার।এদিকে শিশুটির দুধের খরচ জোগানোর জন্য নাদিরা আবার ঢাকায় চলে গেছেন টাকা রোজগারের জন্য। বাচ্চাটিকে দেখাশোনা করছেন তাঁর মা নূরজাহান বেগম। প্রতিবেশী হামেদা (৪৫) ও আ. আজিদ (৬৫) বলেন, ‘আল্লায় বাচ্চাডারে আমরারে যেভাবেই হোক দিছে তো। অহন আমরাই বাচ্চারে মানুষ করবাম।’নূরজাহান বেগমের কোলে মাতৃস্নেহেই লালিত-পালিত হচ্ছে ঠিকানাবিহীন এই শিশুটি। এ বিষয়ে নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি অনেক দেরিতে জানতে পেরে ওই নারীকে থানায় ডেকে এনে একটি জিডি করিয়েছেন।