সরকার নয়, নির্বাচনই বড় কথা

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন নামের সরকার তা বড় কথা নয়, নিরপেক্ষ নির্বাচনই বড় কথা। নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, তা দেখতে হবে। জনগণের হাওয়া যাঁদের অনুকূলে যাবে, তাঁরাই সরকার গঠন করবেন। তাঁরা জনপ্রতিনিধি হবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি) প্রকল্পের আওতায় দুঃস্থ (এলসিএস) নারীদের সঞ্চয়ের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ফলাফল বদলে অনিয়মের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা সরকারের নেই। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, ‘ভোটের কথা চিন্তা না করে আমি কাজ করি। জনগণ ভোট দেবে কি না, সেটা জনগণের ব্যাপার। উন্নয়নই আমার কাজ। আমি যখন দেখব, এলাকার জনগণ আমাকে চায় না, তখন আমি নেত্রীকে বলে সরে যাব। আর জনগণ চাইলে আমি তাদের পাশে থাকব।’ তিনি বলেন, মহাজোট সরকার খুন ও হয়রানির রাজনীতিতে বিশ্বাস করে না। আরইআরএমপি প্রকল্পের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা হয়েছে। এভাবেই অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ।
ওবায়দুল কাদের আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও জঙ্গি দমনে বাংলাদেশ গর্বিত। পৃথিবীর ১১টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে সুনাম অর্জন করেছে। অনুষ্ঠানে তিনি ৮০ জন দুঃস্থ নারীকে ৬৭ হাজার টাকা ও ১৫ জনের মধ্যে তিন হাজার টাকা ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এ বি এম নাজমুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ।