কোনো স্কুলে বেতন বাড়তে পারে, আবার কমতেও পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পে-স্কেলে শিক্ষাপ্রতিষ্ঠানে নন এমপিও শিক্ষকদের বেতন পুনর্নির্ধারণে শিক্ষার্থীদের মাসিক বেতন সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন কিছু বাড়তেও পারে আবার কিছু প্রতিষ্ঠানে কমতেও পারে। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে রাজধানীর ১২টি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সভা শেষে শিক্ষাসচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের এসব কথা বলেন।
সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, বিভিন্ন শ্রেণি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত হবে। যেমন ঢাকার শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একধরনের সিদ্ধান্ত হতে পারে। আবার বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর ক্ষেত্রে একধরনের হবে। তিনি বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে এমনভাবে বেতন নির্ধারণ করে রেখেছে, সেটা অনেক বেশি। এটা সঠিকভাবে হয়নি। এ জন্য আগে শিক্ষকদের বেতন পুনর্নির্ধারণ করে সে অনুযায়ী ওই শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এ ক্ষেত্রে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। কারণ, অনেকেই ইতিমধ্যে বেশি টাকা নিয়ে রেখেছেন, সেটাও সমন্বয় করা হবে।