আদালত বারবার তাগিদ দেওয়ার পরও চেক প্রত্যাখ্যানের মামলার বাদী সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ। এ কারণে গত সাড়ে ছয় বছর ধরে চট্টগ্রাম আদালতে ঝুলে আছে মামলাটি। গত চার মাসের ব্যবধানে কোতোয়ালি থানার দুই পুলিশ কর্মকর্তা সাক্ষী নিয়ে দুই রকম প্রতিবেদন দিয়েছেন আদালতে। প্রতিবেদনে এক কর্মকর্তা বলেছেন, সাক্ষীকে পাওয়া গেছে, অন্যজন বলেছেন পাওয়া যায়নি। গত সোমবার এই মামলার ধার্য দিনে সাক্ষী হাজির না হওয়ায় কোন প্রতিবেদনটি সঠিক তা নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানাতে বলেছেন আদালত। তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নগরের কোতোয়ালি থানার আছদগঞ্জ এলাকার ব্যবসায়ী মো. নুরুল্লাহ বাদী হয়ে ২০১১ সালের ৫ জানুয়ারি আদালতে ১৫ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের মামলা করেন। মামলায় কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। ২০১২ সালের ২৬ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে সাক্ষী মামলার বাদী নুরুল্লাহকে হাজির করতে আদালত কোতোয়ালি থানার পুলিশের মাধ্যমে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সাড়ে ছয় বছরে এই মামলার ২৮টি তারিখ পড়লেও একবারও পুলিশ সাক্ষীকে হাজির করতে পারেনি।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আদালতে দেওয়া প্রতিবেদনে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন উল্লেখ করেন, সাক্ষী নুরুল্লাহকে তাঁর ঠিকানায় গিয়ে সমন পৌঁছে দেওয়ার পর ২২ মার্চ তিনি আদালতে হাজির হবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ওই দিন তিনি হাজির হননি।
পরে আদালত আবার পরোয়ানা জারি করলে কোতোয়ালি থানার এএসআই রনেশ বড়ুয়া গত ১৯ জুন আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, সাক্ষী নুরুল্লাহকে পাওয়া যায়নি।
সরকারি কৌঁসুলি মো. রাশেদুল আলম বলেন, এই মামলায় পুলিশ সাক্ষীকে হাজির করতে পারেনি। উল্টো দুই পুলিশ কর্মকর্তা সাক্ষী সম্পর্কে ভিন্ন প্রতিবেদন দিয়েছেন। এ কারণে মামলাটি ঝুলে রয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিষয়টি আরও সরেজমিনে তদন্ত করে আদালতকে জানানো হবে। দুই পুলিশ কর্মকর্তার কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।