কোনাবাড়ীতে শ্রমিকদের আন্দোলনে কারখানা বন্ধ
শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার কেয়া কম্পোজিট নামের একটি কারখানা গতকাল সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
একই দিন ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রহিম স্টিল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
কেয়া কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, কারখানার নিয়মনীতি অমান্য, ঠিকমতো উৎপাদন না দেওয়া ও কারখানার কর্মকর্তাদের নির্দেশনা না মানায় প্রায় দেড় মাস আগে ৫০-৬০ জন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি একাধিকবার ওই শ্রমিকদের ডাকলেও তাঁরা সাড়া দিচ্ছিলেন না। সম্প্রতি ওই শ্রমিকেরা কারখানার ভেতরে বিভিন্ন সেকশনে গিয়ে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। তাঁরা কারখানার উৎপাদন বন্ধ করার জন্য সাধারণ শ্রমিকদের চাপ দেন। এতে রাজি না হলে সাধারণ শ্রমিকদের তাঁরা লাঞ্ছিত ও মারধর করতেন। এই পরিস্থিতিতে গত রোববার রাতে ওই এলাকায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার মাইকিং ও বিভিন্ন জায়গায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। গতকাল সকালে কয়েক শ শ্রমিক কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে তালা ও কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেন। পুলিশ এতে বাধা দেয়।
আন্দোলনকারী শ্রমিকদের কয়েকজন জানান, কারখানা কর্তৃপক্ষ কিছু শ্রমিককে বিনা দোষে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ নোটিশ প্রত্যাহারের দাবিতে তাঁরা আন্দোলন করে আসছেন।
এদিকে শ্রমিক ছাঁটাই ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রহিম স্টিল নামের একটি কারখানার শ্রমিকেরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল করেন। ওই কারখানার শ্রমিকদের অনেকে জানান, গতকাল কারখানার ভেতরে কয়েক শ শ্রমিক একত্র হয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে যোগ দেন।