কোনাবাড়ী থেকে অপহূত শিশু ভূরুঙ্গামারীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক শিশুসহ অপহরণকারীকে গতকাল মঙ্গলবার আটক করেছে পুলিশ। শিশুটিকে ঢাকার গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গত রোববার অপহরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সে ভূরুঙ্গামারী থানা পুলিশের হেফাজতে ছিল।

পুলিশ ও অপহরণের পর যেখানে শিশুটিকে রাখা হয়েছে, সেই এলাকার লোকজন জানান, ভূরুঙ্গামারীর সোনাহাট বানুর কুটি গ্রামের আবদুল করিমের ছেলে নূর ইসলাম (২৭) কোনাবাড়ীর আমবাগ এলাকায় আবদুস ছালামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন। গত রোববার নূর ওই বাড়ির মালিক ছালামের ছেলে শারজাত হোসেনকে (৭) বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে অপহরণ করেন। পরে তাকে সংজ্ঞাহীন করে রাতের গাড়িতে চড়ে ভূরুঙ্গামারী নিয়ে আসেন। গত সোমবার ভোরে বাস থেকে নেমে ঘুমন্ত শিশুটিকে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামে মামাতো বোন আমেনা বেগমের বাড়িতে ওঠেন। নূর বোনের সহযোগিতায় আসলাম নামের পাশের বাসার এক ভাড়াটের মুঠোফোন চেয়ে আনেন। পরে সেটি থেকে শিশুটির বাবার কাছে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দুই দিনের মধ্যে তা না পেলে শিশুটিকে হত্যার হুমকিও দেন। 

এরপর শিশুটির বাবা গাজীপুর থানায় একটি জিডি করেন। পাশাপাশি তিনি ওই মুঠোফোনে ফোন দেন। তখন আসলাম ফোনটি ধরলে ঘটনা জানাজানি হয়।

আসলাম বলেন, ‘শিশুটির বাবা ফোন দিয়ে তাঁর ছেলের খোঁজ করলে আমি অবাক হই। পরে তাঁকে জানাই, পাশের বাসায় আজ সকালেই একটি শিশু বেড়াতে এসেছে বলে আমি জানি। এ কথা শুনে শিশুটির বাবা কাঁদতে কাঁদতে তাঁর ছেলে অপহরণের কথা জানান ও তাকে রক্ষার অনুরোধ করেন। আমি দ্রুত এলাকাবাসীকে খবর দিয়ে নূরকে আটক করি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার ও নূরকে গ্রেপ্তার করে।’

ভূরুঙ্গামারী থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এরই মধ্যে ছেলেটির পরিবারকে এবং গাজীপুর থানায় খবর দেওয়া হয়েছে। গাজীপুরে মামলা হওয়ায় ওখানকার পুলিশ যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।