গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সংস্কারকাজ চলছে। এ ছাড়া কোনাবাড়ী এলাকায় খানাখন্দে পড়ে একটি ট্রাক বিকল হয়। এসব কারণে গতকাল শনিবার সকাল থেকে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল দুপুর ১২টার দিকে দেখা গেছে, কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর খানাখন্দ আগের অবস্থায় ফিরে আসায় এ যাত্রাপথে চলাচলকারী যানবাহন ধীরগতিতে চলছিল। এ ছাড়া দুই পাশে সংস্কারকাজ চলায় গতকাল যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় খানাখন্দে পড়ে একটি ট্রাক বিকল হয়। এতে মহাসড়কের গাজীপুরের কড্ডা থেকে কালিয়াকৈরের মৌচাক পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা পর্যন্ত এ যানজট ছিল।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান বলেন, কোনাবাড়ী এলাকার যাত্রীছাউনির সামনে একটি মালবাহী ট্রাক বড় গর্তের মধ্যে পড়ে বিকল হয়। এ কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর সওজের উপসহকারী প্রকৌশলী অলিউল হোসেন বলেন, ‘কোনাবাড়ী এলাকায় রাস্তার দুই পাশে ১০ ফুট করে এক কিলোমিটার ইট দিয়ে রাস্তার তৈরির কাজ চলছে। বড় গর্তগুলোর মধ্যে খোয়া দিয়ে আপাতত ঠিক করা হচ্ছে। শুকনো মৌসুমে রাস্তার কার্পেটিং করা হবে। আশপাশের ড্রেনের পানিতে রাস্তা নষ্ট হচ্ছে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছি। ড্রেনের পানিনিষ্কাশন না হলে রাস্তা মেরামত করা সম্ভব হবে না।’