ছাত্র না হয়েও চার বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে অবস্থান করেছেন এক তরুণ। বিষয়টি জানাজানির পর গত শুক্রবার দুপুরে গোপনে হল ছেড়েছেন তিনি। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত এ ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি হল প্রশাসন।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আবিদ সরকার বলেন, এ ঘটনায় দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু প্রশাসন কিছুই করছে না।
হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এ এইচ এম সা’দাৎ। তিনি বলেন, ‘এ সপ্তাহেই আমরা হলে ছাত্রদের তালিকা হালনাগাদ শুরু করব। এ ছাড়া হল প্রশাসনের অন্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’
চার বছর ধরে কারও কাছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস আবার কারও কাছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র পরিচয়ে হলে অবস্থান করছিলেন আবু জাফর মিরাজ (২৪) নামের ওই তরুণ।