রাজধানীর গুলশানের কূটনৈতিক পাড়ায় গত নয় মাসে পাঁচটি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ ২৮ সেপ্টেম্বর গুলিতে নিহত হন ইতালির নাগরিক সিজার তাবেলা (৫১)। এসব ঘটনায় পুলিশ কাউকেই শনাক্ত করতে পারেনি।
কূটনৈতিক পাড়ার নিরাপত্তায় ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন’ নামে পুলিশের আলাদা একটি ইউনিট তৎপর থাকে। গুলশান থানা-পুলিশের টহলের পাশাপাশি নিরাপত্তাচৌকি বসিয়ে বিভিন্ন সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ওই এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়। এমন নিরাপত্তাবেষ্টনীর মধ্যে একের পর এক গুলির ঘটনা ঘটলেও এর কারণ ও উদ্দেশ্য বের করতে পারেনি পুলিশ।
এ বছরের ১৪ জানুয়ারি রাতে গুলশান-২ নম্বর গোলচত্বরের কাছে দুর্বৃত্তদের গুলিতে আহত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক কূটনীতিক রিয়াজ রহমান। এর আগে ১১ জানুয়ারি রাতে গুলশান-২-এর লেকপাড়ে একটি বাসার সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একই রাতে গুলশান-২-এর ৪৪ নম্বর রোডের একটি বাসার সামনেও গুলির ঘটনা ঘটে।
গত ১৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা অস্ট্রেলিয়া হাইকমিশনের উল্টো পাশের সড়কে একটি প্রাইভেট কার থেকে তিনটি গুলি ছোড়ে। এতে হতাহত না হলেও কূটনৈতিক পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ২৪ দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি।
সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২-এর ৯০ নম্বর রোডের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে দুর্বৃত্তরা ইতালির নাগরিক সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে। ১৫ দিনেও পুলিশ হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।
আগের চারটি গুলির ঘটনা ধামাচাপা পড়লেও ইতালির নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
গত জানুয়ারিতে তিনটি গুলিবর্ষণের ঘটনার সময় গুলশান থানার ওসি ছিলেন রফিকুল ইসলাম। তিনি বর্তমানে পুলিশের গুলশান অঞ্চলের এসি। গত শনিবার রাতে রফিকুল ইসলাম বলেন, গত জানুয়ারিতে ৪৪ নম্বর রোড ও গুলশান-২-এর লেকপাড়ে গুলিবর্ষণের পর গুলির খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছিল। অবশ্য ওই দুটি ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি। পুলিশ গুলিবর্ষণকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।
রিয়াজ রহমান গুলিবিদ্ধ হওয়ার মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। জানতে চাইলে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম গত শনিবার রাতে বলেন, রিয়াজ রহমান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ মামলার তদন্তে বিএনপি কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।