কোনো অবস্থাতেই শিশুদের হাতকড়া, দড়ি পরানো নয়
সুপ্রিম কোর্টের বিচারপতি মো. ইমান আলী বলেছেন, সুনির্দিষ্ট অপরাধে যেকোনো মামলায় কোনো শিশু গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার জন্য শিশু অধিকার আইন ২০১৩ প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই শিশুদের হাতকড়া ও কোমরে দড়ি পরানো যাবে না। এ ছাড়া মামলার শুনানি চলাকালে শিশু আদালতের বিচারক বা আইনজীবীরা পেশাগত পোশাক পরতে পারবেন না।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু আইন ২০১৩ ও প্রবেশন ব্যবস্থা-বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. ইমান আলী কথাটি বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
বিচারপতি আরও বলেন, গ্রেপ্তারের পর মামলা চলার সময় বা মামলা শেষে শিশুকে কারাগারে পাঠানো যাবে না। অনেক সময় বিচারকেরা শিশুকে নিরাপত্তা হেফাজতে পাঠান। কিন্তু তা আইনসম্মত নয়। ৯ বছর বয়সের কম কোনো শিশুকে নিরাপত্তা হেফাজতেও রাখা যাবে না। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকে আদালতে হাজির করতে হবে। মামলায় শিশুর সঙ্গে প্রাপ্তবয়স্ক আসামি থাকলেও শিশুর অভিযোগপত্র পৃথকভাবে দিতে হবে। শিশুদের বিচার হবে শিশু আদালতে। নির্ধারিত দিনে পৃথক সময়ে।
ব্লাস্ট দিনাজপুর ইউনিট পরিচালনা কমিটির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুল আলম, ব্লাস্ট প্রধান কার্যালয়ের পরিচালক আইন উপদেষ্টা মো. রেজাউল করিম। তাঁরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কর্মশালায় দিনাজপুর জেলা জজ আদালতের ১৫ জন বিচারক, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি, আইনজীবী এবং সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।