কোনো অর্জন ছাড়াই ডব্লিউটিও সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাদ্য চাই, কাজ চাই’। ‘টেকসই উন্নয়ন চাই’। ‘বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) দুর্নীতিবাজ।’ ‘নিপাত যাক ডব্লিউটিও’। ‘শান্তি-সংহতি জিন্দাবাদ’।ডব্লিউটিওর অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের শেষ দিন গতকাল শনিবার এসব স্লোগানে মুখর হয়ে ওঠে জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সিআইসিজি) সামনের চত্বর।হাতে ও বুকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন দুই শর মতো মানবাধিকার ও এনজিওকর্মী। অনুষ্ঠিত হয় একটি সমাবেশ। তাঁদের কথা একটাই। তা হলো, এই ডব্লিউটিও দরিদ্র দেশগুলোর পক্ষে নয়। সংস্থাটি এমনকি মানবাধিকার-বিরোধী।বিক্ষোভকারীরা বলেছেন, বিশ্বে চলমান খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সমস্যার সমাধানে ডব্লিউটিও কোনো ভূমিকা পালন করতে পারবে না। জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এই সংস্থা এবং এতে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সহযোগিতাও করবে না। মুখে শুধু বুলি আওড়াবে। এর অবশ্য কারণও রয়েছে। সংস্থাটি অথর্ব। তবে মূল কারণ, সংস্থাটি যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী।শুরু থেকেই সম্মেলনটি ছিল নিরুত্তাপ। কারণ, এবার কোনো দরকষাকষির আলোচনা নেই। বহুল আলোচিত দোহা উন্নয়ন পর্বের (ডিডিএ) সমাপ্তি নিয়েও কোনো দরকষাকষি বা আলোচনা হবে না।এবারের সম্মেলনে তেমন কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষকও আসেনি। বাংলাদেশ থেকে ১৭ সদস্যের যে প্রতিনিধিদল আসার কথা ছিল সম্মেলনে, তাদেরও অর্ধেক আসেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এসে মান বাঁচিয়েছেন।শনিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রন ক্রিকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান ফারুক খান। ১৫ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে মন্ত্রী মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা ফোরাম চুক্তি নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি নিয়ে রন ক্রিকের সঙ্গে তিনি কোনো কথাই বলেননি বলে জানা গেছে।সরকারি প্রতিনিধিদলের বাইরে থেকে সম্মেলনে যোগ দেওয়া সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এলডিসি থেকে উন্নত ও উন্নয়নশীল দেশে শ্রম রপ্তানিবিষয়ক খানিকটা অগ্রগতি হয়েছে, এই যা। তবে বিষয়টি কাজে লাগানোর দক্ষতা তৈরি করতে হবে। এ ছাড়া সম্মেলনে কিছু হওয়ার কথা নয়, কিছু হয়ওনি।দেবপ্রিয় বলেন, সম্মেলন তো শেষ। এখন বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে নিজেদের অধিকার আদায়ে করণীয় নির্ধারণ করতে হবে। ডব্লিউটিওর বিষয়ে সরকারকে আরও মনোযোগী হওয়ারও পরামর্শ দেন তিনি।