কোনো আসামিই ছাড় পাবে না: দুদক সচিব
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে কোনো আসামিই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল। তিনি বলেছেন, দুদকের কাছে ছোট-বড় বলতে কোনো আসামি নেই। আসামিদের আসামি হিসেবেই দেখা হয়।
গতকাল বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদক সচিব এসব কথা বলেন। তিনি বলেন, যেসব মামলার আসামিরা বাইরে আছেন, তাঁরা কেউ ছাড় পাবেন না। তদন্ত কর্মকর্তারা তাঁদের ক্ষমতাবলে আসামিদের গ্রেপ্তার করছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আশ্বস্ত করতে পারি, কেউ ছাড় পাবেন না। সুষ্ঠু তদন্তের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আইন অনুযায়ী সে পদক্ষেপ নেওয়া হবে।’
প্রভাবশালীদের গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আবু মো. মোস্তফা কামাল বলেন, এই সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নেন। এ ক্ষেত্রে প্রভাবশালীদের গ্রেপ্তারে কোনো বাধা নেই।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে দুদকের সচিব বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত দুদক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দুদক নজর রাখছে। প্রয়োজন হলে অনুসন্ধানের বিষয়টি আমলে নেওয়া হবে। পানামা পেপারস কেলেঙ্কারির বিষয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুসন্ধান পর্যায়ে মন্তব্য করাটা সমীচীন হবে না।’
ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে দুদকের সচিব বলেন, মার্চ মাসে ৮৪৯টি দুর্নীতি-সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এ সময়ে অনুসন্ধান শেষে ৩৪টি মামলা করা হয়েছে এবং অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৪৫টি মামলায়।