কোনো ইস্যুতে সমস্যা থাকলে ঢাকায় আলোচনার অনুরোধ

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের আজ রোববার সকালে সরকারের পক্ষ থেকে ব্রিফিং করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কোনো বিষয়ে সমস্যা থাকলে কিংবা কোনো ক্ষেত্রে উন্নতির প্রয়োজন হলে, উন্নয়ন সহযোগী হিসেবে তা নিয়ে ঢাকায় আলোচনার জন্য বিদেশি কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ রোববার সকালে এক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মাসুদ বিন মোমেন অংশ নেন।

ব্রিফিংয়ে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কাতার, থাইল্যান্ডসহ প্রায় ৪০টি দেশ ও জোটের মিশন প্রধানেরা উপস্থিত ছিলেন। অবশ্য মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার অনুষ্ঠানে ছিলেন না। তিনি একই সময়ে সচিবালয়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এটি ছিল তাঁর বিদায়ী সাক্ষাৎ।

কূটনীতিকদের ব্রিফিংয়ে আলোচনা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো হিজড়া সম্প্রদায় থেকে কারও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ক্ষমতায়নের মাধ্যমে জনগণের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

ব্রিফিংয়ের একটি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশি কূটনীতিকদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন সহযোগী হিসেবে কোনো ইস্যুতে সমস্যা থাকলে কিংবা কোনো বিষয়ে উন্নতির প্রয়োজন—এমনটা মনে করলে তাঁরা যেন বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হয়। ঢাকায় আলোচনা করে যদি তাঁরা সন্তুষ্ট না হন, তখন যেন তাঁরা তাঁদের রাজধানীর কাছে ওই বিষয়টি তুলে ধরেন। মূলত এই বার্তাটিই তাঁদের দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে প্রায় ৪০টি দেশ ও জোটের মিশন প্রধানেরা উপস্থিত ছিলেন
ছবি: সংগৃহীত

ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ, সার্চ কমিটি গঠন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের পদক্ষেপের বিষয় নিয়ে কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন। দুই মন্ত্রীই স্থানীয় সরকার নির্বাচনে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ প্রার্থীদের নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করতে গিয়ে উন্নত দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। বিশেষ করে এবারের নির্বাচনে বিপুলসংখ্যক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। যাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি, স্বতন্ত্র, বিএনপি–সমর্থিতসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন।

আলোচনায় উপস্থিত একাধিক সূত্র এই প্রতিবেদককে জানান, বছরের শুরুতে অনুষ্ঠিত কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দুই বছরে আগে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেটা জানানো হয়েছে। বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। কয়েক শ বছর ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, এমন দেশও উন্নতির চেষ্টা করছে। ভবিষ্যতে নির্বাচন যাতে অংশগ্রহণমূলক এবং অবাধ ও সুষ্ঠু হয়, সে ব্যাপারে চেষ্টা রয়েছে বাংলাদেশ।

আইনমন্ত্রী আনিসুল হক ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে সরকারের পরিকল্পনার কথা কূটনীতিকদের কাছে তুলে ধরেন
ছবি: সংগৃহীত

বৈঠক সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী আনিসুল হক ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে সরকারের পরিকল্পনার কথা কূটনীতিকদের কাছে তুলে ধরেন। এ বিষয়টি নিয়ে সরকার এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে আলোচনা করছে।

কূটনীতিকদের জানতে চাওয়া তিনটি
বাংলাদেশের তিন মন্ত্রীর ব্রিফিংয়ের পর কূটনীতিকদের পক্ষ থেকে তিনটি বিষয় জানতে চাওয়া হয়।
রোহিঙ্গা সমস্যার সমাধানে সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানির দিনক্ষণ নির্ধারিত হয়েছে। ভার্চ্যুয়ালি আদালতের শুনানি হবে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের উন্নতি নিয়ে প্রশ্ন করা হলে কূটনীতিকদের জানানো হয়, সুনির্দিষ্ট কোনো সমস্যা থাকলে তা যেন জানানো হয়। তখন ওই সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, এ ক্ষেত্রে জাপানের পক্ষ থেকে বেশ কিছু সমস্যার খতিয়ান তুলে একটি পর্যালোচনার ছক সরকারকে দেওয়া হয়েছিল। জাপান তখন ২৬টি সমস্যা বা প্রতিবন্ধকতার তালিকা বাংলাদেশকে দিয়েছিল। তিন মাস পর এর ১৬টি সমাধান করে দেয় বাংলাদেশ।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে কি না, জানতে চাইলে বৈঠকে বলা হয়, সরকার এরই মধ্যে এ নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য সাতটি উপকমিটি গঠন করে কাজ করছে। যার পাঁচটি কমিটিতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।