ব্লগ একটি মুক্ত গণমাধ্যম। এখানে যে কেউ নির্বিঘ্নে তাঁর মত দিতে পারেন। কোনো ব্লগার তাঁর ব্লগে যা লেখেন, সেটা তাঁর একান্তই ব্যক্তিগত মতামত। এর দায় ওই ব্লগ কর্তৃপক্ষ বা সব ব্লগারের নয়। শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল প্রথম আলোকে এসব কথা বলেছেন।প্রজন্ম ডট কম, মুক্তমনা ও আমার ব্লগের নিয়মিত লেখক মারুফ বলেন, ব্লগার ও ব্লগ নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা একদমই একপেশে। ব্লগে কে কী প্রচার করল, এর দায় এই আন্দোলনের ওপর চাপানো ঠিক হবে না। আমরা শুরু থেকেই কোনো ধর্ম ও মতকে অপমান ও অবজ্ঞা করে লেখালেখির বিরোধিতা করে এসেছি। অন্য কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত লাগে, এমন মতামত দেওয়া উচিত নয়। এই অধিকার কারও থাকা উচিত নয়।ব্লগার রাজীব হায়দারের লেখা ব্লগগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে মারুফ বলেন, অনেকেই ব্লগে নাস্তিকতা প্রচার করেন। কিন্তু রাজীব হায়দারের লেখাগুলো ছিল মূলত ধর্ম-দর্শন নিয়ে। সেখানে ইসলাম ধর্ম নিয়ে কোনো অবমাননাকর বক্তব্য ছিল না। আমরা প্রযুক্তিবিদদের মাধ্যমে পরীক্ষা করে দেখেছি, রাজীবের মৃত্যুর পরও তাঁর নামে অনেকগুলো ব্লগ কে বা কারা লিখেছে। সেখানে ধর্মকে অবমাননা করে অনেক কথা বলা হয়েছে। এতে স্পস্টত বোঝা যাচ্ছে, আমাদের এই আন্দোলনের যারা শত্রুপক্ষ, তারাই রাজীবকে হত্যা করেছে। পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নাস্তিকতার বিষয়গুলো রটানো হচ্ছে।মারুফ বলেন, আন্দোলনের শুরু থেকেই আমরা অনেক ধরনের উসকানি মোকাবিলা করে কাজ করেছি। যারা উসকানি দিতে চেয়েছে, তারা আন্দোলনের যে অহিংস অবস্থান, তা নষ্ট করতে চেয়েছে। আমরা কখনো সেই ফাঁদে পা দিইনি। এই ধৈর্য ও একনিষ্ঠতাই আমাদের অন্যতম বড় শক্তি।শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে প্রথমবারের মতো ব্লগাররা দেশবাসীর সামনে এলেন—এই মন্তব্য করে মারুফ বলেন, ব্লগ বিষয়টিকে শুধু রাজনৈতিক লেখালেখি ও তর্কবিতর্কের স্থান হিসেবে দেখানো হচ্ছে। এটা ঠিক নয়। ব্লগে গল্প, কবিতাসহ বিভিন্ন সাহিত্যচর্চাও হয়। সেখানেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির লড়াই দীর্ঘদিন ধরে ছিল। প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল লেখকেরা অনেক বিষয় নিয়ে বছরের পর বছর ব্লগে তর্কবিতর্ক করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির লড়াইও ব্লগের মাধ্যমে আরও সংগঠিত হয়েছে।একাত্তরে কাদের মোল্লা গণহত্যায় নেতৃত্ব দেওয়ার পরও ফাঁসি না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় আমরা প্রথম মাঠে নামি। এ কথা উল্লেখ করে মারুফ বলেন, সারা দেশে কয়েক লাখ ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট এই আন্দোলনের মাধ্যমে মাঠে নেমেছেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পক্ষে বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের সঙ্গেও আমাদের পরিচয় হয়েছে। ঐক্য গড়ে উঠেছে। সামগ্রিকভাবে দেশবাসী এই চেতনার নব-উত্থানের সঙ্গী হয়েছে। আমরা প্রমাণ করেছি, শুধু সাইবার জগতেই নয়, সত্যিকার মাঠেও আমরা সোচ্চার আছি। ভবিষ্যতেও থাকব।