কোনো ঋণ মওকুফ করা হবে না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘ঋণখেলাপের মতো কলঙ্ক আর নেই। আমি চাই না ঋণের কারণে কোনো কৃষকের কোমড়ে রশি বাঁধা হোক।’ তিনি আরও বলেন, ‘কোনো ঋণ মওকুফ করা হবে না। মওকুফ-সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা টাউট-বাটপারদের থেকে দূরে থাকতে হবে।’ গতকাল শনিবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। গভর্নর আতিউর রহমান আরও বলেন, শিগগিরই মুঠোফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে। মুঠোফোনের মাধ্যমে ঋণের টাকা গ্রাহকের কাছে পাঠানো হবে। কৃষি ব্যাংক গাজীপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোক্তার হোসেন, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক সওদ আহমেদ, ঋণ গ্রহণকারী ফুলজান বিবি ও আয়েত আলী। অনুষ্ঠানে ২০৮ জন কৃষকের মধ্যে ৬০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা বিতরণ করা হয়।