সন্দ্বীপ হাজি আবদুল বাতেন সরকারি কলেজসংলগ্ন মাঠে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় এলাকাবাসীর কৌতূহল ছিল, প্রধানমন্ত্রীর মুখ থেকে কখন তাঁদের প্রাণের দাবি বাস্তবায়নের ঘোষণা শুনবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা হতাশ হলেন। কারণ, প্রধানমন্ত্রী কোনো সুস্পষ্ট ঘোষণা দেননি। তিনি কেবল প্রতিশ্রুতির কথা বলেছেন।প্রায় ৩০ মিনিটের বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যাম নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে নেদারল্যান্ডের একটি উন্নয়ন সংস্থা। তারা এ ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিলে, অর্থাত্ এতে সন্দ্বীপের কোনো ক্ষতি হবে না বা এই এলাকা ভাঙনের কবলে পড়বে না বলে নিশ্চিত করলে ক্রস ড্যাম নির্মাণের ব্যবস্থা করা হবে। এরপর তিনি বলেন, উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যামের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এটি বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ-পশ্চিম বেড়িবাঁধ উন্নয়নের ব্যবস্থা নেবেন বলেও জানান প্রধানমন্ত্রী।এরপর প্রধানমন্ত্রী একে একে সন্দ্বীপে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, সদরঘাট-সন্দ্বীপ, গুপ্তছড়া-কুমিরা নৌপথে উন্নত মানের জাহাজ ও ফেরি সার্ভিস চালু, দেলওয়ার খাঁ-গুপ্তছড়া সড়ক, দেলওয়ার খাঁ উত্তর-দক্ষিণ সড়ক মেরামত, নতুন জেনারেটর বসানোর মাধ্যমে বিদ্যুত্-ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া সন্দ্বীপে ডেইরি ফার্ম ও বিসিক শিল্পনগর গড়ে তোলারও আশ্বাস দেন।