
আর কোনো তৃতীয় শক্তিকে সমর্থন দেবে না ব্যবসায়ী সমাজ। আজ মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এতে লিখিত বক্তব্য পড়েন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘এর আগে তৃতীয় শক্তিকে সমর্থন দিয়ে তার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এর মাশুল দিতে হয়েছে। অনেককে দেশ ছাড়তে হয়েছে। তাই আর কোনো তৃতীয় শক্তিকে সমর্থন দেবে না ব্যবসায়ী সমাজ।’
ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আকরাম উদ্দিন আহমেদ দুই নেত্রীকে আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ আশা করছে, প্রধান দুই দলের সমঝোতার মাধ্যমে দেশবাসীর জন্য শান্তির পথ সুগম হবে। এ ছাড়া দুই নেত্রীর টেলিফোন আলাপ-আলোচনায় অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে বিদ্যমান রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভব হলে আজই এটা হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, সালমান এফ রহমান, আনিসুল হক, এ কে আজাদ, মো. আকরাম হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান।