কোনো দল সভা করার অনুমতি চাইলে বিবেচনা করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সভা করার জন্য কোনো রাজনৈতিক দল পুলিশের কাছে অনুমতি চাইলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের এক বছর পূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিনকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই অবস্থায় ৪ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি। পরে ১২ জানুয়ারি সকালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেদিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমাবেশ করে।
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিএনপি সমাবেশ করতে চাইলে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এটি জননিরাপত্তার বিষয়। সভা-সমাবেশের কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়লে তা করতে দেওয়া হবে না।’ তিনি চলমান নাশকতা ঠেকাতে ডিএমপির পদক্ষেপ সম্পর্কে বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।