কোনো দলের সঙ্গে কমিশনের দূরত্ব নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই। গতকাল সোমবার কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে সিইসি তা এড়িয়ে যান। তিনি বলেন, ‘কমিশন কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করবে। আমরা সব দলেরই আস্থা অর্জনে সচেষ্ট। নিবন্ধিত ৩৮টি দলের সব কটিকে কমিশন সমান গুরুত্ব দেয়, যাতে নিরপেক্ষতায় কোনো ঘাটতি না থাকে।’সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কথা জানালেও কবে নাগাদ তা হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেননি সিইসি। তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। সবার পরামর্শ অবশ্যই নেওয়া হবে।নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে কাজী রকিব বলেন, ‘আমরা নির্বাচনের আগে একটি তারিখ নির্ধারণ করে দেব। ওই তারিখের পর দশম সংসদ নির্বাচনের জন্য কোনো দলের নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে না। যথাসময়ে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।’