কোনো দেশ যেন পিছিয়ে না থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে স্পিকার সম্মেলন চলাকালে গতকাল সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ​ করেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন l ছবি: সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে স্পিকার সম্মেলন চলাকালে গতকাল সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ​ করেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন l ছবি: সংগৃহীত

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং ইরানের স্পিকার আলী আরদাশির আমলি লারিজানি পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তাঁরা ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আরও জোরালো ভূমিকা রাখার জন্য সব দেশের সরকারপ্রধানদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আইপিইউ আয়োজিত নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে চতুর্থ বিশ্ব স্পিকার সম্মেলন চলাকালে গতকাল ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাবের হোসেন চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংসদ ও সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে আরও কার্যকর করতে এ অঞ্চলের কোনো দেশ যেন পিছিয়ে না থাকে। ভারতের লোকসভার স্পিকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।
এরপর ইরানের স্পিকার আলী আরদাশির আমলি লারিজানি আইপিইউ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে আলোচনা করেন। ইরানের স্পিকার আইপিইউর সভাপতির কাছে চতুর্থ বিশ্ব স্পিকার সম্মেলনের সাফল্য কামনা করেন এবং ভারতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। সাবের হোসেন আইপিইউকে সহায়তার জন্য ইরানের সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। সম্প্রতি জাতিসংঘের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করার জন্য ইরানের সহনশীলতা ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেন তিনি।