কোনো প্রকল্পের অনুমোদন নেই, কমছে থোক বরাদ্দও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনে গত চার বছরে কোনো প্রকল্প অনুমোদিত হয়নি। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে পাওয়া থোক বরাদ্দও প্রতিবছর কমছে।
সর্বশেষ ২০১২ সালের অক্টোবরে নগরের বিভিন্ন সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন মিলেছিল। নগরবাসীর ধারণা, সরকারদলীয় মেয়র নির্বাচিত না হওয়ায় এবং যোগ্য নেতৃত্বের অভাবে খুলনার দিকে তেমন নজর দিচ্ছে না সরকার।
সিটি করপোরেশন সূত্র জানায়, চার বছর ধরে বিভিন্ন প্রকল্প দাখিল করা হলেও একটিও মন্ত্রণালয় অনুমোদন করেনি। চলতি অর্থবছরেও অনুমোদনের জন্য সাতটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল। এগুলোরও অনুমোদন মেলেনি। বর্তমানে সিটি করপোরেশনে সরকারি অর্থায়নে মাত্র দুটি প্রকল্প চালু আছে। এর মধ্যে চলতি অর্থবছরে ‘বর্জ্য ব্যবস্থাপনার জন্য যন্ত্রপাতি ক্রয় ও অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন’ প্রকল্পে ৫ কোটি টাকা এবং সেই ২০০ কোটি টাকার প্রকল্পে ২৫ কোটি টাকা ছাড় হয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক কুদরত ই খুদা বলেন, একটি প্রকল্প জমা দেওয়ার পর একনেক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেক তদবির করতে হয়। এ জন্য শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন পড়ে। খুলনার রাজনৈতিক নেতৃত্ব জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার করতে পারে না। যোগ্য নেতৃত্বের অভাবেই প্রকল্পগুলো অনুমোদিত হয়নি।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-২ লিয়াকত আলী খান বলেন, করপোরেশন এলাকায় জলাবদ্ধতা দূর করতে ২২টি খাল খননের পর এসব খালের সঙ্গে সংযুক্ত নালাগুলো পুনর্নির্মাণ করতে হবে। নালা ব্যবস্থার উন্নয়নের জন্য চলতি অর্থবছরে ৯৬ কোটি ৬৬ লাখ টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে।
লিয়াকত আলী খান আরও জানান, নগরের অভ্যন্তরীণ বেশ কিছু সড়ক এখনো ভাঙাচোরা। এ ছাড়া মেরামত করা সড়ক তিন বছর পরপর সংস্কার না করলে সেগুলো নষ্ট হয়ে যায়। টাকার অভাবে এগুলো মেরামত করা যাচ্ছে না। এসব সড়ক সংস্কারের জন্য ‘খুলনা শহরে নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো রাস্তার উন্নয়ন’ নামে ১০০ কেটি টাকার আরও একটি প্রকল্প পাঠানো হয়েছে। কিন্তু এর একটিরও অনুমোদন পাওয়া যায়নি। এসব প্রকল্প অনুমোদন না হলে ভাঙাচোরা রাস্তা সংস্কার করা কঠিন হয়ে পড়েছে।
সিটি করপোরেশনের পরিকল্পনা বিভাগ থেকে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনের সময় মনিরুজ্জামান মনির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনি নির্মাণ, নতুন কবরস্থান, সিমেট্রি ও শ্মশান ঘাট নির্মাণ এবং পুরোনোগুলোর উন্নয়ন। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর এগুলোর জন্য ২৬ কোটি ৬৫ লাখ টাকা দিয়ে পৃথক আরেকটি প্রকল্প পাঠানো হয়। সঙ্গে নাগরিক সেবা দেওয়ার জন্য একাধিক ওয়ার্ড অফিস ও ১০টি কমিউনিটি সেন্টার নির্মাণে ৬১ কোটি ২৫ লাখ টাকার আরও একটি প্রকল্পে পাঠানো হয়। এই প্রকল্প দুটিও মন্ত্রণালয়ে পড়ে আছে।
সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল-জব্বার জানান, এ ছাড়া নগরের প্রধান সড়কের সরু মোড় প্রশস্ত করা এবং খোলা জায়গা ও জলাশয় সংরক্ষণের জন্য ৫০ কোটির টাকার, সড়ক বাতিতে বিদ্যুৎ সাশ্রয়ী লিড ল্যাম্প স্থাপনের জন্য ১৫ কোটি এবং নগরের দূষিত পানি যাতে নদীতে যেতে না পারে সে জন্য খালগুলোর আউটলেটে মিনি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জন্য ১৫ কোটি টাকার আরও তিনটি প্রকল্প মন্ত্রণালয়ে আছে।
প্রকল্পের সঙ্গে ছোটখাটো উন্নয়নকাজ চলমান রাখতে বিগত বছরগুলোয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে বড় অঙ্কের অর্থ সাহায্য পেত সিটি করপোরেশন। কিন্তু ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে এই বরাদ্দও কমছে।
করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কে এম মুশতাক আহমেদ বলেন, প্রকল্পের বাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে পাওয়া থোক বরাদ্দের টাকা দিয়েও উন্নয়নকাজ পরিচালনা হয়। ২০১১-১২ অর্থবছরে ২১ কোটি ও ২০১২-১৩ অর্থবছরে ২২ কোটি টাকা থোক বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু ২০১৩-১৪ অর্থবছরে পাওয়া গেছে মাত্র ৯ কোটি টাকা। এ ছাড়া ২০১৪-১৫ অর্থবছরে ৮ কোটি এবং ২০১৫-১৬ অর্থবছরে এখন পর্যন্ত ৫ কোটি ২৫ লাখ টাকা পাওয়া গেছে। এ বছর আরও ১ কোটি ৭৫ লাখ টাকা পাওয়া যাবে।
এসব বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মনিরুজ্জামান মনি প্রথম আলোকে বলেন, ‘আমি যেহেতু আপাতত কোনো দায়িত্বে নেই, সে জন্য এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
আর ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘মাত্র কয়েক মাস হলো আমি ক্ষমতা বুঝে পেয়েছি। প্রকল্প অনুমোদন কেন হয় না, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’