কোনো প্রশ্নের উত্তর দিলেন না চাঁদপুরের জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত বেরিয়ে যান চাঁদপুরের জনপ্রতিনিধিরা। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর পরিবারের কোনো সদস্য জড়িত নন বলে দাবি তাঁদের।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সাত হত্যা মামলা তদন্তাধীন বিষয়, সুতরাং এ ঘটনায় ত্রাণমন্ত্রীর পরিবার জড়িত নয়—এ বিষয়ে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো সংবাদ সম্মেলন করেনি, আপনারা কেন করছেন?
এসব প্রশ্নের জবাবে ‘আমি কোনো প্রশ্নের উত্তর দেব না’ বলে দ্রুত বেরিয়ে যান সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করা চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। এরপর তাঁর সঙ্গে অন্যরা সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন।