হাওরের তিন উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন। এ আসনে উপনির্বাচন ৩ জুলাই। ভোটের দিন এগিয়ে এলেও মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নের শান্তিপুর গ্রামের নারী ভোটারদের অনেকে এখনো জানেন না প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নাম। কবে ভোট তা-ও অনেকের অজানা। তবে তাঁরা ভোটকেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। অনেকে ভোট দেবেন প্রতীক দেখে। গতকাল শনিবার দুপুরে হাওরের বিচ্ছিন্ন জনপথের ছোট্ট এ গ্রামের বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা বলে নির্বাচন নিয়ে তাঁদের ভাবনা জানা যায়।
মিঠামইন সদর থেকে শান্তিপুর ইঞ্জিনচালিত ট্রলারযোগে এক ঘণ্টা ২০ মিনিটের পথ। নতুন বসতি। প্রায় ৫০টি পরিবার গ্রামটিতে বসবাস করে। শুকনা মৌসুমে কৃষি আর বর্ষায় মাছ ধরে তাঁরা জীবিকা নির্বাহ করেন। বিদ্যুৎ নেই। অনেকে সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। শিক্ষার আলো প্রাথমিক পর্যন্ত এসে নিভে যায়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে জানা গেছে, কিশোরগঞ্জ-৪ আসনের মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৭১৯। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৫৫৬ জন। ফলাফল নির্ধারণে নারী ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গ্রামটিতে ঢুকতে দেখা মেলে বৃদ্ধা রাবেয়া খাতুনের। কয়েক বছর আগে তাঁর স্বামী গিয়াস উদ্দিন মারা গেছেন। ভোট দিতে যাবেন? জিজ্ঞেস করতেই হেসে ফেলেন রাবেয়া। পাল্টা প্রশ্ন করে বলেন, ‘দিমু না কেন। না দিলে চলব?’ প্রার্থীদের নাম জানেন? এমন প্রশ্নে বিব্রত হন রাবেয়া। বলেন, ‘কি জানি কেরা হারাইছে।’ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকলেও কথা বলে বোঝা গেল অনেকের অবস্থাই রাবেয়া বেগমের মতো। ভোট হচ্ছে তথ্যটি সবার জানা। কিন্তু এখনো জানা হয়নি প্রার্থীর নাম। হালেমা বেগম (৪৫) বলেন, ‘নাম জাইন্না কী হইব? ভোট দিমু মার্কা দেইখা।’ জাহানারা বেগমের (৪০) কথায় বোঝা গেল, নির্বাচন নিয়ে কিছুটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘হুনছি রাষ্ট্রপতির পুত ( ছেলে) হারাইছে (প্রার্থী হয়েছে)। তার লগে গুশা কইরা হরাইছে আরেকজন। তবে তারার নাম জানি না।’ দুলেনা বেগমের (৪০) সাত সন্তান। তিনি জানান, পরিবার পরিকল্পনা কর্মীদের দেখা পেলে তাঁর পরিবার হয়তো এত বড় হতো না। গ্রামে তো দূরের কথা, দুই ঘণ্টার পথের মধ্যে স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই। ভোট দিয়ে গ্রামে কোনো সুবিধা বাড়েনি। তাই তিনি প্রার্থীদের নাম জানার আগ্রহ দেখাননি।
মাসুদ মিয়ার স্ত্রী নূপুর বেগম (৪০) গ্রামটিতে সচেতন নারী হিসেবে পরিচিত। কোনো কিছু জানার প্রয়োজন হলে অনেকে তাঁর সাহায্য চান। তিনি জানালেন, গ্রামের পাশেই প্রাথমিক বিদ্যালয় আছে। তবে উচ্চবিদ্যালয়ে যেতে বর্ষায় দুই ঘণ্টা সময় লাগে। আর শুকনা মৌসুমে হেঁটে গেলে এক ঘণ্টার পথ। সুবিধাবঞ্চিত গ্রামের বাসিন্দা হিসেবে নির্বাচন তাঁদের জীবনে খুব বেশি প্রভাব ফেলে না।