পার্বত্য চুক্তি অনুযায়ী তিন পার্বত্য (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) জেলা পরিষদে এ পর্যন্ত হস্তান্তরিত ২১টি বিভাগের অধিকাংশই হস্তান্তর করেছে বিএনপি। আওয়ামী লীগ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সরকার ক্ষমতায় থাকাকালে ও বর্তমানে একটি বিভাগও জেলা পরিষদে হস্তান্তর করেনি।১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তি মোতাবেক প্রণীত জেলা পরিষদ আইনে ভূমি প্রশাসন, পুলিশ বাহিনীসহ ৩৩টি বিভাগ জেলা পরিষদগুলোতে হস্তান্তরের কথা রয়েছে। তবে এ পর্যন্ত স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, পরিবার পরিকল্পনাসহ ২১টি বিভাগ জেলা পরিষদগুলোতে হস্তান্তর করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের কর্মকর্তারা জানান, ১৯৮৯ সালে গঠিত স্থানীয় সরকার পরিষদ পার্বত্য চুক্তি অনুযায়ী জেলা পরিষদে রূপান্তরিত হয়েছে। চুক্তির আগে ১৯৯৩ সাল পর্যন্ত এরশাদ পাঁচটি ও বিএনপি সরকার ১০টি বিভাগ পরিষদে হস্তান্তর করেছে। এ ছাড়া বিএনপি ২০০৬ সালে চারটি এবং তত্ত্বাবধায়ক সরকার ২০০৯ সালে দুটি বিভাগ হস্তান্তর করে। পার্বত্য চুক্তির পর আওয়ামী লীগ সরকার সংশোধিত জেলা পরিষদ আইন, আঞ্চলিক পরিষদ আইন, শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের আইনসহ কিছু আইন প্রণয়ন এবং পরিষদ ও সংস্থা গঠন করেছে। কিন্তু জেলা পরিষদে কোনো বিভাগ হস্তান্তরের উদ্যোগ নেয়নি।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো বিভাগ জেলা পরিষদে হন্তান্তর না হওয়ার কথা স্বীকার করে বলেন, এই সরকারের মেয়াদ আরও দুই বছর রয়েছে। এই সময়ে অবশিষ্ট বিভাগগুলো হস্তান্তর করা হবে। বর্তমানে পর্যটন বিভাগটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, ‘আমি আশাবাদী, এই সরকারের সময়ে সব বিভাগ হস্তান্তর ও চুক্তি বাস্তবায়ন করা হবে।’পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা জানান, স্থানীয় বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন ও গুরুত্বপূর্ণ কিছু বিভাগ জেলা পরিষদে হস্তান্তর সময় সাপেক্ষ ব্যাপার। এ জন্য পাঁচ সদস্যের অন্তর্বর্তী পরিষদকে ১১ সদস্যবিশিষ্ট করে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহ আলম বলেন, এই সরকার বিভিন্ন কমিটি পুনর্গঠন করে চুক্তি বাস্তবায়নে অনেক দূর এগিয়েছে।এদিকে পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি উদ্যাপনে বান্দরবান জেলা কমিটির নেতারা গত বুধবার সংবাদ সম্মেলন করে বলেছেন, চুক্তি বাস্তবায়নে বিএনপি সরকার ন্যূনতম হলেও ধারাবাহিকতা রেখেছিল। কিন্তু এই সরকার সেই ধারাবাহিকতাও রক্ষা করছে না। এ অবস্থা চলতে থাকলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতি অতীতের চেয়েও বেশি সংকটে পড়বে।