‘তারেক রহমানকে আমরা নিজেদের আখের গোছানোর কাজে ব্যবহার করব, নাকি ভবিষ্যত্ নেতার আসনে বসাব, তা বিএনপির নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির কোনো বিশেষ নেতা-কর্মীকে আপন ভাবা তারেক রহমানের উচিত হবে না। আর নেতা-কর্মীদেরও উচিত হবে না তাঁর আপন হওয়ার চেষ্টা করা। এতে দুই পক্ষেরই অমঙ্গল হতে পারে। আমরা সবাই তাঁর আপনজন, এটা তারেক রহমানকে বুঝতে হবে, বিএনপির নেতা-কর্মীদেরও বুঝতে হবে।’ গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। ৭ মার্চ কারাবন্দী দিবস উপলক্ষে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও নির্যাতন প্রতিরোধে কৃষক দল এ সভার আয়োজন করে।গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জোট সরকারের আমলে সেনাবাহিনীর বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার সময় আমি কখনো কখনো কিছু নিয়োগের প্রতিবাদ করেছিলাম। কিন্তু তা শোনা হয়নি; বরং আমাকে বকাও খেতে হয়েছে।’ তিনি বলেন, ‘লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনকে নিয়োগ দেওয়ার সময়ও বিরোধিতা করেছি। তখন দল আমাকে বলেছে, সেনাবাহিনীর আমি কী বুঝি। তবে এটুকু বুঝি, আপন মানুষ শত্রু হলে তার চেয়ে ভয়ংকর আর কেউ হয় না। মাসুদ উদ্দিনের বেলায় এমনটা ঘটেছিল।’