কোনো বিশেষ শ্রেণীকে সুবিধা দিলে দুর্নীতি দমন হবে না। অন্যদের তুলনায় কোনো একটি শ্রেণীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এটা দেখতে পেলে মানুষ সরকার ও সংস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে।গত রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিউগেট লাবেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেছেন। জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই সভার আয়োজন করে। এ সময় টিআইয়ের চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে না দিলে এটি কার্যকারিতা হারাবে।’ হিউগেট লাবেল বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাসহ কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীকে আলাদা মাপকাঠিতে বিচার করা যাবে না। এটি করলে কমিশন কার্যকারিতা হারাবে। বিশ্বে যেসব দেশে দুর্নীতি কমেছে, সেখানে দুর্নীতি দমনবিষয়ক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ ও গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার ব্যাপারে গুরুত্ব দেন টিআইয়ের চেয়ারম্যান। জলবায়ু তহবিলের দিকে টিআইয়ের নজরদারি থাকবে জানিয়ে এ ক্ষেত্রে গণমাধ্যমকে পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।লাবেল বলেন, বাংলাদেশ সর্বাধিক দুর্নীতির হারের জন্য তালিকের নিচে অবস্থান করছিল। তবে, গত কয়েক বছরে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এটা সম্ভব হয়েছে মূলত স্বাধীন গণমাধ্যম ও ক্রমবর্ধমান সুশীল সমাজের ব্যাপক নজরদারির কারণে। তিনি বলেন, এ ব্যাপারে আরও অগ্রগতির জন্য অনেক কিছু করণীয় রয়েছে। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনের আইনি সংস্কার নিয়ে যে প্রক্রিয়া চলছে, তা সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী। র্যাবের গুলিতে পা হারানো লিমনের ন্যায়বিচার নিশ্চিত হওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেন। দেশে দুর্নীতির মাত্রা কমিয়ে আনতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সরকারের নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়ন মূল্যায়ন এবং তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি।টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অস্ত্র ও ক্ষমতা থাকলে যা ইচ্ছা তা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা কমে আসে। এতে মানুষ নিজের হাতে আইন তুলে নিতে উৎসাহিত হয়। লিমনের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে ন্যক্কারজনক হিসেবে তিনি মন্তব্য করেন। মতবিনিময় সভায় টিআইয়ের যোগাযোগ পরিচালক আন্দ্রে ডোরেন এবং টিআইবির যোগাযোগ পরিচালক রিজওয়াল-উল আলম উপস্থিত ছিলেন।