কোনো ব্যক্তি বিশেষের জন্য ছাড় দেওয়া হবে না-শাহ নেওয়াজ
সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কোনো ব্যক্তি বিশেষে ছাড় না দেওয়ার যে নির্দেশ রয়েছে তা আবারও জানিয়ে দিলেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
চট্টগ্রামে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে কমিশনার মো. শাহ নেওয়াজ সরাসরি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর কথা উল্লেখ না করে বলেন, ‘আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য ছাড় দেওয়া হবে না।’
আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ সব কথা বলেন কমিশনার।
মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সমমর্যাদার ব্যক্তিদের নির্দলীয় এ নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া বা সরকারি সুবিধাভোগীদের সরকারি যান, প্রচারযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের ভোট চাওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিংবা প্রয়োজনীয় নির্দেশনা দিতে গত রোববার নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।