কোনো যাত্রী না নিয়েই ফিরে গেল বিমানটি
বিমানবন্দরে যাত্রী ছিল ৩৩ জন। কিন্তু ছোট্ট বিমানটিতে যাত্রীদের জন্য আসন ফাঁকা ছিল মাত্র ২১টি। কে যাবে আর কে যাবে না, এই নিয়ে তর্ক-বিতর্ক। একপর্যায়ে হট্টগোল, উত্তেজনা। উপায়ান্তর না দেখে কোনো যাত্রী না নিয়ে ফিরে গেল বিমানটি।গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে সৈয়দপুর বিমানবন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরে মোতায়েন করা হয় পুলিশ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনাইটেড এয়ারওয়েজের সৈয়দপুর-ঢাকা রুটে গতকাল বেলা দুইটা ৪৫ মিনিটের ফ্লাইটটির জন্য ৩৩টি টিকিট বিক্রি করা হয়। ওই বিমানটি ছিল ৬০ আসনের। নির্ধারিত সময়ের আগেই ৩৩ জন যাত্রীর সবাই বিমানবন্দরে উপস্থিত হন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত বিমানটির পরিবর্তে ছোট একটি বিমান সৈয়দপুর পৌঁছে দেড় ঘণ্টা বিলম্বে। ঢাকাগামী ২৯ আসনের এই বিমানটি রাজশাহী থেকেই নিয়ে আসে আট যাত্রী। অবশিষ্ট ২১টি আসন বরাদ্দ ছিল সৈয়দপুরের যাত্রীদের জন্য।কিন্তু বিমানবন্দরে উপস্থিত ৩৩ জন যাত্রীর মধ্যে ১২ জন আসন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের হট্টগোল শুরু হয়ে যায়। যাত্রীদের দাবি, কেউ যাবে আর কেউ যাবে না; এমনটি হতে পারে না। গেলে ৩৩ জনের সবাই যাবেন, তা না হলে বিমান উড়তে দেওয়া হবে না।পরিস্থিতি বেসামাল দেখে, কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে টার্মিনাল ভবন ও বিমানটি রক্ষায় বিমানবন্দরে পুলিশ মোতায়েন করে। পরে সৈয়দপুর থেকে কোনো যাত্রী না নিয়েই বিকেল পাঁচটা ৪০ মিনিটে বিমানটি বিমানবন্দর ত্যাগ করে।বিমানটি চলে যাওয়ায় যাত্রীরা পড়েন বিপাকে। মারুফ নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় জরুরি কাজ ছিল, তাই বিমানে যাচ্ছিলাম। অনেক ক্ষতি হয়ে গেল।’ এ ব্যাপারে বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। বাধ্য হয়ে বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে।’জানতে চাইলে, ইউনাইটেড এয়ারওয়েজের স্থানীয় এজেন্ট তারিকুল আলম যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যান্ত্রিক ত্রুটির ওপর কারও হাত নেই। অনেক আন্তর্জাতিক ফ্লাইটও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়ে যায়। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।