কোনো শক্তি নাই পরাজিত করবে: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকায় নির্বাচনী প্রচারণা চালান সাঈদ খোকন । ছবি:ফোকাস বাংলা
এলাকায় নির্বাচনী প্রচারণা চালান সাঈদ খোকন । ছবি:ফোকাস বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে তাঁদের নির্বাচনী যুদ্ধ শুরু হয়েছে। তাই এই নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে, পৃথিবীর কোনো শক্তি নেই তাঁকে পরাজিত করবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাঈদ খোকন এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন ঢাকা মহানগর আওয়ামী লীগ।

সাঈদ খোকন বলেন, ৭১’ এর পরাজিত শক্তির কাছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পরাজিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঢাকাবাসী অতীতের মতো আমাদের খালি হাতে ফিরিয়ে দেবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় ছিনিয়ে আনতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের পরাজিত করে। আপনারা ধৈর্য ধরবেন। সকলে মিলে কাজ করবেন।’

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে মানুষ হত্যার বিচারের কথা স্মরণ করিয়ে দিয়ে সাঈদ খোকন বলেন, ‘গত তিন মাসে বিএনপি-জামায়াত যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। একজন নয়, দু’জন নয়, শতাধিক নিরপরাধ মানুষের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। এর কি কোনো বিচার হবে না? ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা এ বিচার প্রক্রিয়া শুরু করবেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে মতিবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংসদ সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, খালিদ মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম বাবু, এ বি তাজুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা শুরু হওয়ার পরপরই দফায় দফায় মঞ্চে প্রার্থীদের সঙ্গে হাতাহাতি হয়। নেতাদের হস্তক্ষেপে হাতাহাতি করা কর্মীরা শান্ত হলেও দর্শক সারি উত্তপ্ত ও সরগরম হতে থাকে। বিকেল সাড়ে চারটা থেকে থেমে থেমে ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের সহসম্পাদক আসাদুজ্জামানের পক্ষে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। মতবিনিময়ের পুরো সময় তাঁরা আসাদের পক্ষে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলররা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকায় ওই এলাকায় যানজট লেগেই ছিল।