কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না: প্রধানমন্ত্রী

প্রতিটি শিশুর স্কুলে ভর্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষার উন্নয়নের পথে কোনো বাধা সৃষ্টি না করতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ রোববার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ছেলে ও মেয়ে কেউই স্কুলের বাইরে থাকবে না। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের মূলধন বাড়াতে আগামী বাজেটে আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে। সচ্ছল ব্যক্তিদের এ ট্রাস্ট তহবিলে অনুদান দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাঁর সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, এ ধরনের অনুদান কর রেয়াতের সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতকে আন্তর্জাতিকমানের সমপর্যায়ে আনতে বিগত ছয় বছরে এ খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে একটি প্রগতিশীল শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এবং এতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গণিত, ভাষা ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। এ শিক্ষানীতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দও দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, শিক্ষার জন্য স্বল্প আয়ের অভিভাবকের সন্তানদের লেখাপড়া অব্যাহত রাখতে তাদের সহায়তার প্রদানের কথা বিবেচনা করে শিক্ষা খাতে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে বিনা মূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার দায়িত্ব নিয়েছে সরকার। ২০১০ থেকে ২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত এ খাতে ১৫৯ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে, যা বিশ্বের জন্য এক বিস্ময়।
প্রধানমন্ত্রী বলেন, বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কেবল অভিভাবকদের বোঝা কমায়নি; একই সঙ্গে তা বিদ্যালয়ে ভর্তির সংখ্যা বৃদ্ধি করে এক কোটি ৬৯ লাখে উন্নীত হতে ভূমিকা রেখেছে। পাবলিক পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যে প্রকাশেরও পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপে ঝরে পড়া ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, শিক্ষার মান বেড়েছে এবং শিক্ষার্থীরা অধ্যয়নে মনোনিবেশে উৎসাহিত হয়েছে। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে আমাদের যতটা সম্ভব বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এ জন্য পরীক্ষার ফলাফলের জন্য গ্রেডিং পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
প্রধানমন্ত্রী এ ট্রাস্ট ফান্ড থেকে স্কুলে ভর্তির জন্য গরিব শিক্ষার্থী এবং দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দিতে তাঁর সরকারের পরিকল্পনা কথা ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন বক্তৃতা করেন।