কোনো শিশুই যেন না খেয়ে কষ্ট না পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

সমাজে ধনী-দরিদ্র সব পরিবারের শিশুরই সমান অধিকার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো শিশুই যেন না খেয়ে কষ্ট না পায় ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এ জন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ, পরিবারে জ্বলবে আশার আলো’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা জাতি গঠনের মূল ভিত্তি; তারাই আগামীর ভবিষ্যৎ। সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নেবে আজকের শিশুরা। বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেবে তারা। তাই শিশুদের যোগ্য করে গড়ে তোলা, পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমান অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের আজকে খাদ্যের কোনো অভাব নেই। কাজেই কোথাও কোনো শিশুই যেন না খেয়ে কষ্ট না পায়। বঙ্গবন্ধু চাইতেন, এ দেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না। কোনো শিশুই মায়ের কোলে ধুঁকে ধুঁকে মারা যাবে না। প্রত্যেকটা মানুষ তার জীবনের অধিকার পাবে।’

শেখ হাসিনা বিত্তবানদের উদ্দেশে বলেন, ‘বাড়ির আশপাশে যারা দরিদ্র শিশু আছে, তারা কেমন আছে, লেখাপড়া করতে পারছে কি না, গায়ে কাপড় আছে কি না, পেটভরে খেতে পারছে কি না, সেদিকে নজর দেবেন। এটুকু করতে পারলে আপনি দেখবেন আপনার শিশুটির সঙ্গে এই শিশুটিও বড় হতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র হয়ে কেউ জন্মায় না, এটা তার ভাগ্য। একটা দরিদ্র পরিবারে জন্ম বলেই সে দরিদ্র। কিন্তু ওই শিশুটি ধনীর ঘরে জন্মালে সে-ও ধনীই হতো। কাজেই ব্যবধানটা যেন শিশুদের মাঝে কোনোভাবেই না দেখা দেয়। এটা ছোটবেলা থেকেই শিশুদের শেখানো একান্ত দরকার।

শিশুদের ঝরে পড়া রোধে বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি ও মিড ডে মিল চালুর বিষয়টি উল্লেখ করে এ কাজে সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকার বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এডওয়ার্ড বেইগবেডার এবং মহিলা ও শিশুবিষয়ক সচিব নাসিমা বেগম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় ‘সব বাধা পেরিয়ে এগিয়ে যাও বাংলাদেশ’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের আগে শিশু একাডেমীতে শিশুদের জন্য একটি ডিজিটাল লাইব্রেরিও উদ্বোধন করেন তিনি।