মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে দুর্ঘটনায় গ্যাস, প্রকৃতি ও পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু কোনো সরকারই ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয়নি। ক্ষতিপূরণ আদায় না হওয়া দেশের জন্য অপমানজনক। বিদেশি প্রতিষ্ঠানগুলো যা খুশি করে পার পেয়ে যাচ্ছে।মাগুরছড়া দিবস (১৪ জুন) উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবে গত বৃহস্পতিবার আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মৌলভীবাজার শাখা এ সভার আয়োজন করে। এতে সংগঠনটির মৌলভীবাজার শাখার আহ্বায়ক আবু মোহামঞ্চদ ইয়াহিয়া মুজাহিদ সভাপতিত্ব করেন। সদস্যসচিব মঈনুর রহমান সভার সঞ্চালনা করেন। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব আনু মুহামঞ্চদ, সদস্য সরদার রুহিন হোসেন ও বজলুর রশীদ ফিরোজ, সিলেট জেলা কমিটির সদস্য উজ্জ্বল রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং বাসদ জেলা কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ বক্তৃতা করেন।সিপিবির নেতা আবু জাফর আহমদ বলেন, ‘মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ হওয়ার অন্যতম কারণ কোম্পানির অযোগ্যতা ও অদক্ষতা। এতে পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। ক্ষমতায় যারা আছে, তারা বহুজাতিক কোম্পানির সেবাদাস।’তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘মাগুরছড়া গ্যাসক্ষেত্রে দুর্ঘটনায় আড়াই শ বিলিয়ন ঘনফুট এবং টেংরাটিলায় ৩০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে।’বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি অক্সিডেন্টাল মাগুরছড়ায় গ্যাসকূপ খননকালে ১৯৯৭ সালের ১৪ জুন মাঝরাতে দুর্ঘটনা ঘটে। এতে চা-বাগান, পানপুঞ্জি, সড়ক ও রেলপথ পুড়ে যায়। এ ছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৮৭ দশমিক ৫০ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, পশুপাখি, পরিবেশ, প্রাকৃতিক শোষণব্যবস্থা, প্রাকৃতিক উৎপাদন, পশুপাখির বসতি, ভূপৃষ্ঠের প্রাকৃতিক পানিপ্রবাহ, প্রাণীবৈচিত্র্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৬০০ কোটি টাকা প্রয়োজন। অক্সিডেন্টালের কাছে এই টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। প্রতিষ্ঠানটি সে সময় কয়েকটি বাগানের ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিয়েছিল। কিন্তু বনাঞ্চল ও পরিবেশের জন্য কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।