কোনো সরকার নদী রক্ষায় সচেষ্ট নয়: আবদুল্লাহ আবু সায়ীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আবু সায়ীদ
আবদুল্লাহ আবু সায়ীদ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, যখন যে সরকার ক্ষমতায় যায়, তারা সারা জাতিকে লুণ্ঠন করে। লুণ্ঠনের সবচেয়ে বড় জায়গা হলো নদী। তিনি বলেন, কোনো সরকার নদী রক্ষায় সচেষ্ট নয়। সরকারের সবচেয়ে দুর্বৃত্ত ও দুষ্ট লোকদের হাতে নদী রক্ষার দায়িত্ব রয়েছে।
আজ শনিবার ‘ঢাকার নদী ও জলাশয় রক্ষা’ বিষয়ে দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একসময় ঢাকা ছিল না, কিন্তু বুড়িগঙ্গা ছিল। বুড়িগঙ্গার প্রাণধারা আহরণ করেই গড়ে উঠেছে ঢাকা। বুড়িগঙ্গা যেমন ঢাকার জন্মদাতা, বাংলাদেশের আর সব নদীই হলো বাংলাদেশের জন্মদাতা। কিন্তু বুড়িগঙ্গার সঙ্গে সারা দেশের নদী দূষিত হতে হতে রুগণ হয়ে শুকিয়ে যাচ্ছে। তিনি রাজধানীর হাতিরঝিল প্রকল্পের উদাহরণ টেনে বলেন, “একটি ‘নিন্দিত’ সরকার (গত তত্ত্বাবধায়ক সরকার) হাতিরঝিল প্রকল্প শুরু করেছিল। আমরা বর্তমান প্রশংসিত সরকারের কাছ থেকে আরও বেশি মানবিক আচরণ আশা করি। তবে দুঃখের বিষয় হলো, সরকারগুলো শুধু প্রশংসা চায়, কিন্তু কাজ করতে চায় না।’
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, যে হারে নদীর দূষণ চলছে, এভাবে আরও দুই দশক চললে ঢাকা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিন্তু দূষণ রোধে সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ লোক দেখানো।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।
দিনব্যাপী এ সেমিনারে আরও দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী অধিবেশনে সভাপতি হিসেবে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের উপস্থিত থাকার কথা।