স্বামী অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা নিখোঁজ এক বছর। বেঁচে আছেন, না মরে গেছেন, তা-ও জানা নেই। স্বামী ছাড়া সংসারে কোনো সান্ত্বনাই খুঁজে পাচ্ছেন না সান্ত্বনা চাকমা (৪৯)। অবিলম্বে স্বামীকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবারও দাবি জানিয়েছেন সান্ত্বনা চাকমা।গতকাল অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা অপহরণের এক বছর পূর্ণ হলো। অনিলকে ফিরিয়ে আনার দাবিতে গতকাল কাপ্তাই সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে সান্ত্বনা চাকমা বলেন, অনিল তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। রাঙামাটি জেলা দুর্নীতি দমন প্রতিরোধ সভায় যোগ দিতে যাওয়ার পথে গত বছরের এই দিনে তিনি কাপ্তাই ঘাঘড়া সড়কের বগাছড়া এলাকা থেকে সন্ত্রাসী কর্তৃক অপহূত হন। মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অংশুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলদার হোসেন, স্থানীয় কাপ্তাই ক্লাবের সভাপতি সায়লা প্রু মারমা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক।