কোনো সিনেমারদৃশ্য নয়
দুই শিশুসন্তানকে কোলে নিয়ে এক লোক দৌড়াচ্ছেন। দা হাতে এক যুবক তাঁর পেছন পেছন ছুটছেন। রাস্তার মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। অনেকটা বাংলা সিনেমার আদলে এই ঘটনা সাভার পৌর এলাকার রাজালাখ ফার্মের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শনিবার বিকেলের। দাসহ পুলিশের হাতে আটক হওয়া ওই যুবকের নাম রাজু (২৫)। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় থাকেন। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাজু ওই এলাকার চিহ্নিত একজন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মহাদেবপুর উপজেলার বাক্কুমবন্দি গ্রামের মো. হাশেম তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে গতকাল শনিবার রাজবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছেলে অসুস্থ হয়ে পড়লে বাসের চালক বেলা তিনটার দিকে তাদের রাজালাখ ফার্মের কাছে নামিয়ে দেন। রাজু সেখানে গিয়ে তাঁদের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হাশেমের স্ত্রী তাঁকে বাধা দিলে রাজু তাঁকে মারধর শুরু করেন। এ সময় হাশেম এগিয়ে গেলে রাজু তাঁকে দা দিয়ে আঘাত করেন। এরপর আবার কোপ দিতে গেলে ভয়ে হাশেম তাঁর দুই সন্তানকে কোলে নিয়ে দৌড়াতে থাকেন। রাজুও তাঁর পিছু নেন। উপস্থিত লোকজনের সহায়তা না পেয়ে একপর্যায়ে হাশেম মহাসড়কের পাশে অনিক জেনারেল হাসপাতালের ভেতরে গিয়ে ‘বাঁচাও’ ‘বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। রাজু সেখানে গিয়েই তাঁকে দা দিয়ে আঘাত করার চেষ্টা করেন। হাশেমের চিৎকারে সাভারের গেন্ডা পুলিশ ফাঁড়ির এক সদস্য রাজুকে আটক করেন।পরে সাভার থানায় খবর দেওয়া হলে থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি সম্পর্কে অবগত হন। এর পরও ওই কর্মকর্তা স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় তাঁকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে তা সম্ভব না হলে হাশেমের পরিবারসহ রাজুকে থানায় নিয়ে যান। কিন্তু অজ্ঞাত কারণে মামলা না নিয়ে ভুক্তভোগীদের থানা থেকে বিদায় করে দেওয়া হয়। এসআই কাউসার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সাভার থানার এসআই আবু তাহের জানান, বাদী না থাকায় রাজুর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা দেওয়া সম্ভব হয়নি।