কোনো সূত্র মেলেনি জবানবন্দি দিয়েছেন গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের ব্যক্তিগত গাড়ির চালক মো. রিপন গতকাল নারায়ণগঞ্জের আদালতে জবানবন্দি দিয়েছেন। রিপন অপহরণ ঘটনার প্রত্যক্ষদর্শী।
আদালত সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে জবানবন্দি দেন রিপন। জবানবন্দিতে তিনি অপহরণের সময় এবং আগের ঘটনা বর্ণনা করেন। এর আগে শনিবার আদালতে জবানবন্দি দিয়েছেন অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আবু বকরকে বহনকারী অটোরিকশার চালক হাফিজুর রহমান। এর আগে গত শুক্রবার আবু বকর আদালতে জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তিনজনেরই জবানবন্দির কপি আদালত থেকে পুলিশ পায়নি।
এদিকে গতকাল ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, আবু বকর সিদ্দিকের জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে হাত ও চোখ বেঁধে নিয়ে যাওয়া, ফেরিতে ওঠানো এসব বিষয় যাচাই করা হচ্ছে। একই সঙ্গে তাঁকে যে গাড়িতে অপহরণ করা হচ্ছে সেই গাড়িটি এবং যেখানে রাখা হয়েছিল সেই স্থানটি শনাক্তের চেষ্টা চলছে। তবে গতকাল পর্যন্ত এসবের কোনো সূত্র মেলেনি।