কোন্দল নিরসনের বৈঠক স্থগিত হলো কোন্দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্তঃকোন্দল নিরসন ও সাংগঠনিক শক্তি বাড়ানোর বৈঠক কোন্দলের কারণে স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ওই জেলার নেতাদের ওই বৈঠক হওয়ার কথা ছিল।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের প্রস্তুতি হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের মধ্যে বৈঠকে বসেন। রাতে কারা কারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে থাকবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু একাধিক পক্ষের নেতারা সেখানে উপস্থিত থাকায় কারা বৈঠকে থাকবেন, তা নিয়ে তাঁদের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতি ও মারামারি হয়।
এ অন্তঃকোন্দলের কারণে কারা বৈঠকে থাকবেন, তা শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। ফলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকটি স্থগিত করা হয়।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলায় বিএনপির দুটি কমিটি আছে। দুই পক্ষই নিজেদের মূল কমিটি দাবি করে।
গতকালের ঘটনা প্রসঙ্গে একটি কমিটির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, যে ঘটনা ঘটেছে, তা মোটেই কাঙ্ক্ষিত নয়। যারা এটা করেছে, তাদের শাস্তি হওয়া উচিত।