অবশেষে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দল মিটেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা-কর্মীদের মধ্যে। কয়েক দিন ধরে বিএমএ নির্বাচনে সভাপতি, মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কারা প্রার্থী হবেন, তা নিয়ে উত্তেজনা চলছিল। গতকাল মঙ্গলবার রাতে দফায় দফায় আলোচনার পর নেতা-কর্মীরা সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নেন।বিএনপি-সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শুরু থেকেই নির্বাচনে একক প্যানেলে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। আজ বুধবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবে। এর আগে গতকাল রাত আটটায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাচিপের নির্বাচনী প্যানেল-সম্পর্কিত তথ্য বিএমএ কার্যালয়ে জমা দেন। ২৯ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে এখন পর্যন্ত সভাপতি পদে ১৬ জন এবং মহাসচিব পদে ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, বৃহত্তর স্বার্থে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান বলেন, প্যানেলের অনুমোদন এসেছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে। নির্বাচনে শতভাগ মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়।ড্যাবের শীর্ষপর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেন, সংগঠনে এ জেড এম জাহিদ হোসেন ও মাজহারুল ইসলাম দোলনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের কথা সবাই জানে। কিন্তু নির্বাচনে সবাই একসঙ্গে কাজ করবেন।