খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির তিন নেতা প্রার্থী হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী একজনই। মেয়র পদ নিয়ে বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্য হলেও আওয়ামী লীগের রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। প্রার্থী নির্বাচনে এবং কোন্দল মেটাতে দুটি দলই কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। স্থানীয় সরকার নির্বাচন হলেও ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীও কেন্দ্রের নির্দেশেই হয়েছেন বলে জানা গেছে।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নগর বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। তাঁর দাবি, কেন্দ্র থেকে তাঁকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। তবে বাকি দুই প্রার্থী এ ধরনের নির্দেশনা পাওয়ার কথা জানেন না বলে জানিয়েছেন। সিটি করপোরেশন এলাকার বিএনপির সাংসদ নজরুল ইসলামও জানান, ‘কেন্দ্রের কোনো নির্দেশনা নেই। তবে মনির (মনিরুজ্জামান) ভাই-ই আমাদের প্রার্থী।’
অপর প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেছেন, ‘যদি সত্যিই কেন্দ্র থেকে নির্দেশ আসে তবেই মনোনয়ন প্রত্যাহার করতে পারি। যার পক্ষে কাজ করার নির্দেশ আসবে তার পক্ষেই করব।’
কেন্দ্র মনোনয়ন দেওয়ার পর দলের আরেক প্রার্থী সেকান্দার জাফরউল্লাহ খান তাঁকে অভিনন্দন জানিয়েছেন মনিরুজ্জামান এমন দাবি করেছেন। তবে জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য জাফরউল্লাহ বলেছেন, ‘আমি কাউকে অভিনন্দন জানাইনি। আমি এখনো প্রার্থী।’
মেয়র পদে নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের একক প্রার্থী সদ্য বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি একক প্রার্থী হলেও জেলা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে চলে আসা জেলা কমিটির সভাপতি শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মোস্তফা রশীদি ওরফে সুজার দ্বন্দ্ব এই নির্বাচনে প্রভাব ফেলছে। তবে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ দলীয় কোন্দলের কথা অস্বীকার করেও বললেন, ‘কেন্দ্রকে বলেছি, কেউ যদি এখানে ঝামেলা করে তবে তাকে ঢাকায় নিয়ে যেতে।’
মোস্তফা রশীদির কথা, ‘দলে কোনো দ্বন্দ্ব নেই। খালেকের পক্ষে কাজ করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছি। সবাই কাজ শুরু করেছে।’
খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের সঙ্গে হারুনুর রশীদের সম্পর্ক ভালো। খালেকের সঙ্গে দ্বন্দ্ব নগরের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের। তিনি আবার সুজার কাছের লোক। এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে প্রায় দেড় হাজার ভোটে হেরেছিলেন মিজান। এত অল্প ভোটে হারার পেছনে তালুকদার আবদুল খালেকের ‘হাত’ ছিল বলে অনেকেই মনে করেন। এবারের নির্বাচনে মিজান সেই ঘটনার একটা জবাব দিতে চান বলে অনেকেরই ধারণা। নির্বাচনে হেরে তাঁর যে ‘কষ্ট রয়েছে’ এ কথা স্বীকার করলেও তিনি বলেন, ‘সেই কষ্ট ধরে আমি বসে নেই। দলের নির্দেশ আছে খালেক ভাইকে জেতানোর। আমি সেই লক্ষ্যে কাজ করছি।’
তালুকদার খালেকেরও কথা, ‘নির্বাচনের আগে আমাদের ভেতরে অনৈক্য তৈরি করতে দলের ভেতরের কিছু লোক এসব কথা রটাচ্ছে।’ নির্বাচনে মিজানের হেরে যাওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে খালেক বলেন, ‘কেউ চায় না দলের কেউ হেরে যাক।’
মহাজোটের শরিক জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন। এখানে এককভাবে লড়াই করতে তিনি কেন্দ্রীয় নির্দেশ পেয়েছেন বলে জানান। তিনি বললেন, ‘স্থানীয় মেয়র আমাদের কোনো মূল্যায়ন করেননি। কেন্দ্রেও আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি। তাই আমরা প্রার্থিতা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছি। জোট বা মহাজোট বলে কোনো কথা নেই।