কোন্দলে আ.লীগ সমর্থিত প্রার্থীর হার
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী খন্দকার আজিজুর রহমান ১৮ হাজারেরও বেশি ভোটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লাকে পরাজিত করেছেন। উপজেলা আওয়ামী লীগের মধ্যে দলীয় কোন্দল এবং প্রার্থীর সমর্থন দেওয়া নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় দলের সমর্থিত প্রার্থী হেরেছেন বলে স্থানীয় লোকজন এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন এবার নির্বাচনের আগে ঘোষণা দেন, তিনি আর নির্বাচন করবেন না। এ কারণে জেলা আওয়ামী লীগের ছাত্রবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ আরও কয়েকজন নেতা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন। কিন্তু শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান মোতাহার হোসেন মোল্লা। পরে নেতা-কর্মীদের জানানো হয়, কেন্দ্রীয়ভাবে তাঁকেই সমর্থন দেওয়া হয়েছে।
তাঁকে সমর্থন দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হন রুহুল আমিন। তাঁর পক্ষে দলের অনেক নেতা-কর্মী প্রকাশ্যে কাজ করেন। অনেকে মৌনভাবেও তাঁকে সমর্থন দেন। আর এ কারণেই দলের সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন এবার হেরেছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ‘দলীয় প্রার্থীর হারের জন্য আমরা নিজেরাই দায়ী। দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকায় তাঁরা কাজ করেনি।’
বিএনপি-সমর্থিত প্রার্থী খন্দকার আজিজুর রহমান পেয়েছেন ৬৭ হাজার ৩০৯টি ভোট। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন পান ৪৯ হাজার ১৪৪টি ভোট।