ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। বিএনপির পাশাপাশি দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনেও রয়েছে দুটি করে কমিটি। কিন্তু দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে মাঠে দেখা যায় না কোনো পক্ষকেই। আর এই প্রকাশ্য বিভক্তিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও।নবাবগঞ্জ উপজেলা বিএনপির এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন। অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।দলীয় ও স্থানীয় সূত্রমতে, উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে চরম কোন্দল বিরাজ করছে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একে অপরের বিরুদ্ধে মামলাও করেছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে আলাদা কর্মসূচি ও আলাদা কমিটি দিয়ে চলছে সংগঠন। ২০১০ সালের শেষের দিকে বিএনপির ঢাকা জেলা সভাপতি সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান জেলার পাঁচটি উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে দেন। নবাবগঞ্জ উপজেলায় আহ্বায়ক করা হয় খন্দকার আবু আশফাককে। কিন্তু পরে দলের গঠনতন্ত্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে দলের চেয়ারপারসন নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করেন। তাঁর স্থলে ঢাকা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নানকে। দায়িত্ব পাওয়ার পর মান্নান নবাবগঞ্জের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে তাঁর পক্ষের মহিউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে উপজেলা কমিটি ঘোষণা করেন। এর প্রতিবাদে আশফাক পক্ষ বিক্ষোভ মিছিল করে মান্নানের কুশপুত্তলিকা দাহ করে এবং নবাবগঞ্জে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে। পরে আবেদ হোসেনকে সভাপতি করে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন মান্নান।এ অবস্থায় দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। নেতৃত্বের এই কোন্দলের জের ধরে সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। ফলে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।কলাকোপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হাসান বলেন, নবাবগঞ্জে আশফাকের নেতৃত্বেই বিএনপির সাংগঠনিক কাজ চলে। দলে বিভক্তি সৃষ্টি করতে গুটি কয়েক লোক অপপ্রচার চালাচ্ছে।অন্যদিকে, গালিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, উপজেলা সভাপতি আবেদ হোসেনের সাংগঠনিক নির্দেশেই তাঁরা কাজ করছেন। এ ছাড়া উপজেলা বিএনপিতে বিরোধী কোনো পক্ষ নেই।এ বিষয়ে জানতে চাইলে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি হিসেবে যে কমিটির অনুমোদন করেছেন, আইনগতভাবে সেই কমিটিই বৈধ। এ ছাড়া অন্য কোনো কমিটি আছে কি না, তা তাঁর জানা নেই।আবেদ পক্ষের কমিটি: আবেদ হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ওসমানী। যুবদলে মহসীন উদ্দিন পলাশ সভাপতি, আমজাদ হোসেন সাধারণ সম্পাদক। ছাত্রদলে শাহিনুর রহমান সভাপতি ও ইমরান হোসেন সাধারণ সম্পাদক। কৃষক দলে আবদুর রশিদ সভাপতি ও সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সভাপতি আবেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বে থাকার পর গত ১৬ এপ্রিল সম্মেলনের মাধ্যমে আমাকে সভাপতি করা হয়েছে। অন্য কোনো কমিটি আছে কি না, আমি জানি না।’আশফাক পক্ষের কমিটি: আশফাক আহ্বায়ক ও ইফতেখার আল ফারুকী যুগ্ম আহ্বায়ক। যুবদলে সভাপতি মহসীন রহমান আকবর, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান। ছাত্রদলে কাজী মনিরুজ্জামান আহ্বায়ক, রাকিবুর রহমান যুগ্ম আহ্বায়ক। শ্রমিক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।আবু আশফাক প্রথম আলোকে বলেন, ‘নবাবগঞ্জ বিএনপিতে কোনো পক্ষ-বিপক্ষ নেই। দলের গঠনতন্ত্র অনুযায়ীই সব কমিটি করা হয়েছে। জেলার অনুমোদিত সব কমিটিই আমার নেতৃত্বেই ঐক্যবদ্ধ রয়েছে।’