কোন্দলে এলোমেলো গফরগাঁও আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গফরগাঁওয়ে দলের শীর্ষস্থানীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও কাদা ছোড়াছুড়ি চরম আকার ধারণ করেছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর গফরগাঁও সফরে। ওই দিন গফরগাঁও সরকারি কলেজ মাঠে জনসভায় সভানেত্রীর উপস্থিতিতে স্থানীয় সাংসদ গিয়াস উদ্দিন আহমেদ যখন বক্তব্য দিতে যান, তখন প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাঁকে লক্ষ্য করে জুতা ছোড়েন। এ ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। দলের প্রবীণ ও শীর্ষস্থানীয় নেতারা মনে করেন, ৩৩ মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি না থাকা এবং ১৫ বছর ধরে সম্মেলন না হওয়াই দলে বিশৃঙ্খলার মূল কারণ। বর্তমানে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাংসদ গিয়াস উদ্দিন আহমেদ, প্রয়াত আলতাফ গোলন্দাজের ছেলে উপজেলা চেয়ারম্যান ফাহমী গোলন্দাজ এবং পৌরসভার মেয়র কায়সার আহমেদের সঙ্গে মিশে তিন ভাগে বিভক্ত হয়ে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর গফরগাঁও সফরের তারিখ নির্ধারিত হওয়ার পরপরই দলের বিবদমান পক্ষ তিনটি জনসভায় সভাপতিত্ব করা নিয়ে তিনজনের নামে আলাদাভাবে মাইকিংসহ প্রচার চালায়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে জেলা আওয়ামী লীগ ও প্রশাসন তিন পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। জনসভার দিন তিনটি পক্ষই সকাল থেকে পৃথক শোডাউন করে জনসভায় যোগ দেয়। দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালের ১৯ নভেম্বর। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আমির হোসেন, সাধারণ সম্পাদক পদে দুলাল উদ্দিন আকন্দ ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নাছির উদ্দিন। সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে ২০০৬ সালের ২৪ জুন জেলা কমিটির সভায় গফরগাঁও আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর কেন্দ্র থেকে তৎকালীন সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজকে আহ্বায়ক ও বর্তমান সাংসদ গিয়াস উদ্দিন আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। দেশে জরুরি অবস্থা জারি ও আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যুর পর ২০০৮ সালের ২১ জুন কেন্দ্রের নির্দেশে আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।জনসভায় জুতা ছোড়া সম্পর্কে ফাহমী গোলন্দাজ বলেন, ‘ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই আমার লোকজন জড়িত নয়।’ পৌরসভার মেয়র কায়সার আহমেদ জুতা ছোড়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ‘নেত্রীর উপস্থিতিতে এ ঘটনা যারা ঘটিয়েছে তারা আওয়ামী লীগের মঙ্গল চায় না।’ সম্মেলনের মাধ্যমে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তাঁরা। গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘ওই ঘটনায় কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, ‘বছর খানেক আগে সাংসদ গিয়াস উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। কী কারণে এত দিনেও এই কমিটি অনুমোদন পায়নি তা আমার জানা নেই।’