কোন্দলে করুণ দশা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কোন্দলের কারণে জামালপুরে বিএনপির রাজনীতিতে করুণ দশা চলছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে জেলায় এখন দুটি বিএনপি হয়ে গেছে। দুই পক্ষই আলাদা কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনা করছে। এ নিয়ে যেকোনো সময় সংঘাত-সংঘর্ষের আশঙ্কা আছে।
জেলার এই কোন্দলের আগুন সাত উপজেলায়ও ছড়িয়েছে। এক পক্ষে আছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর পৌরসভার মেয়র ওয়ারেছ আলী এবং আরেক পক্ষে আছেন জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন মল্লিক। কোন্দলের ফলে এই জেলায় চরম সংকটে পড়েছে দলটি। দলীয় কর্মকাণ্ড, বিশেষ করে আন্দোলন-সংগ্রামে এই জেলার নেতা-কর্মীরা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছেন না বলে দলীয় নেতা-কর্মীরাই অভিযোগ করেছেন। তাঁরা বলছেন, সব পক্ষকে নিয়ে কমিটি গঠন করে এই সংকট দূর করতে হবে। না হয় সংকট শুধু বাড়বেই না, জেলায় দলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। গত কয়েক দিনে জামালপুরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
তবে এই সংকটের জন্য এক পক্ষ আরেক পক্ষকে দুষছে। এক পক্ষের নেতা ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে একটি অংশ সমস্যা তৈরি করছে। কেন্দ্র থেকে পদক্ষেপ না নিলে এই সমস্যার সমাধান হবে না। আরেক পক্ষের নেতা আমজাদ হোসেন সংকটের জন্য ওয়ারেছ আলীকে দায়ী করে বলেন, ‘জামালপুরে আমরাই বিএনপির প্রতিষ্ঠাতা। অথচ আমাদের মতো একাধিক ত্যাগী নেতা-কর্মীকে জেলা কমিটিতে রাখা হয়নি। সেখানে স্থান দেওয়া হয়েছে অযোগ্যদের। বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রে জানানো হয়েছে।’
জেলার দলীয় সূত্রগুলো জানিয়েছে, এখানে বিএনপির দলীয় কোন্দল শুরু ১৯৯১ সাল থেকে। একপর্যায়ে পরিস্থিতি সামলাতে ২০০৩ সালে নাটোরের বিএনপির নেতা রুহুল কুদ্দুসকে এই জেলার আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে বিএনপি। ওই কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলা কমিটির সমেঞ্চলন শেষ করে জেলা শাখার সম্মেলন করার নির্দেশ দেওয়া হলেও কোন্দলের কারণে ১১ মাসেও সেই কাজ করতে না পেরে রহুল কুদ্দুস বিদায় নেন। এরপর জেলা কমিটির সভাপতি হন দেওয়ানগঞ্জের সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাত ও সাধারণ সম্পাদক হন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকের হাত ধরে বিএনপিতে যোগ দেওয়া ওয়ারেছ আলী। পরে ওয়ারেছ আলী নিজের অবস্থান শক্ত করে নেন। এরপর আবার আমজাদ হোসেনকে আহ্বায়ক করে কমিটি হয়। সেটিও বেশি দিন টেকেনি। আবার দৃশ্যপটে আসেন ওয়ারেছ আলী। বিএনপির প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের ভাতিজা ফরিদুল কবির তালুকদারকে সভাপতি ও ওয়ারেছ আলীকে সাধারণ সম্পাদক করে ২০১১ সালে নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু পূর্ববিরোধের জের ধরে এই কমিটি থেকে বাদ পড়েন আমজাদ হোসেনসহ বিএনপির একাধিক ‘ত্যাগী’ নেতা। দলীয় নেতাদের অভিযোগ, ওয়ারেছ আলীই মূলত নিজের অবস্থান শক্ত রাখতে ‘ত্যাগী’দের কমিটিতে রাখেননি। আর সভাপতি হলেও জেলার রাজনীতিতে শক্ত অবস্থান নেই ফরিদুল কবির তালুকদারের। মূলত মেয়াদোত্তীর্ণ এই কমিটি গঠনের পর থেকেই বিরোধ চরম আকার ধারণ করে। এরপর আমজাদ হোসেন শহরের স্টেশন রোডে তাঁর বাড়ির সামনের একটি কার্যালয় থেকে বিএনপির একটি পক্ষের কার্যক্রম চালাচ্ছেন। আর ওয়ারেছ আলী স্টেশন রোডের শফি মিয়ার বাজার এলাকায় আরেকটি কার্যালয় থেকে দল পরিচালনা করছেন। কর্মসূচিও পালিত হয় আলাদাভাবে। অঙ্গসংগঠনের নেতারাও এই দুই উপদলে ভাগ হয়ে গেছেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, জামালপুর জেলা বিএনপি যেভাবে চলছে, তাতে কোনো আন্দোলন-সংগ্রাম সম্ভব নয়। তাই ত্যাগী ও নবীন-প্রবীণ মিলিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।