কোন্দলে জড়িয়ে পড়ছেন আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌরসভায় আওয়ামী লীগের তিনজন প্রার্থী নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। তবে দলের মনোনয়ন পেতে তাঁরা কোন্দলে জড়িয়ে পড়ছেন।
এ ছাড়া বিএনপির দুজন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা, আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম দলীয় মনোনয়ন পেতে জোরেশোরে লবিং করছেন। অপর সম্ভাব্য মেয়র প্রার্থী বর্তমান মেয়র প্রচারণা চালাচ্ছেন।
আশরাফুল বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে তাঁর জেতার সম্ভাবনা বেশি।
তবে আহম্মদ আলী বলেন, আশরাফুল দলের কেউ না। তাঁকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে ভুল করবে। টাকার বিনিময়ে আশরাফুল মনোনয়ন নিতে মরিয়া হয়ে উঠেছেন।
আওয়ামী লীগের আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মহাসীন আলী। তিনি আট বছর আগে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস মনোনয়ন পাব। যাঁরা মনোনয়ন নিতে মরিয়া হয়ে উঠেছেন, তাঁদের এখনো অনেক পরীক্ষা দিতে হবে।’
এদিকে বিএনপির দুজন নেতাও গণসংযোগ চালাচ্ছেন। তাঁদের একজন হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইনসারুল হক। তিনি বলেন, ‘নোংরা রাজনীতি চলছে। কোথায় গিয়ে ঠেকবে বলতে পারছি না। দলের মধ্যেই বিরোধের চেষ্টা চলছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুও গণসংযোগ চালাচ্ছেন। তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, ‘গণসংযোগ চালাচ্ছি। তবে মনোনয়ন যে পাবেন, তাঁর হয়ে কাজ করব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা ফরম কিনে জমা দেবেন। এরপর যিনি সৎ, গ্রহণযোগ্য ব্যক্তি, তাঁকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, কেন্দ্র থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে প্রার্থী নির্বাচন করা হবে।