কোন্দলে ঝিমিয়ে পড়েছে নেত্রকোনা জেলা বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেত্রকোনা জেলা বিএনপির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। স্থানীয়ভাবে কোন্দল এতটাই প্রকট যে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন সম্ভব হয়নি। ফলে কেন্দ্র থেকে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এই দুই সদস্যের কমিটি দিয়ে বর্তমানে চলছে জেলা বিএনপি। নেত্রকোনা পৌর বিএনপির সভাপতি কামাল আহমেদ বলেন, ‘সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে গত ২৭ জুলাই নূরুজ্জামানকে সভাপতি ও আবু তাহের তালুকদারকে জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নূরুজ্জামান আওয়ামী সমর্থক দেওয়ানবাগীর ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলার আমির। তাঁর অতীত কর্মকাণ্ডও বিতর্কিত।’ কেন্দ্রের ওই সিদ্ধান্তের পরিবর্তন করে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনের জন্য দলের চেয়ারপারসনের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের জুলাইয়ে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খানকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি সম্মেলন করে জেলা কমিটিসহ জেলার সব সাংগঠনিক কমিটি গঠন করার কথা। পরে জেলার ১০ উপজেলা ও ছয় পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও কোন্দলের কারণে জেলা সম্মেলন করা সম্ভব হয়নি। ওই সব কমিটি গঠন ও দলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আহ্বায়ক কমিটি দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। একপক্ষের নেতৃত্ব দেন আহ্বায়ক আশরাফ উদ্দিন খান। আর কেন্দ্রীয় কমিটির সদস্য যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম মিয়া ও যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান নেতৃত্ব দেন অন্য পক্ষের। এ অবস্থায় সম্মেলন করে জেলা কমিটি গঠন সম্ভব হয়নি। পরে ২৭ জুলাই কেন্দ্র থেকে নূরুজ্জামানকে সভাপতি ও আবু তাহের তালুকদারকে জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।কেন্দ্র ঘোষিত সভাপতি নূরুজ্জামান বলেন, ‘বিগত সময়ে দল ক্ষমতায় থাকাকালে কিছু লোক ব্যাপক সুবিধা ভোগ করেছে। এখন তারাই দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।’ জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান বলেন, ‘দলের লোকজনের মুখে নূরুজ্জামান সম্পর্কে যেসব কথাবার্তা শুনি, আমি তাঁর পেছনে গিয়ে কীভাবে রাজনীতি করব। আমি এখন দলীয় কার্যালয়ে যাই না।’