কোন্দলে দ্বিধাবিভক্ত বাউফল বিএনপি
কোন্দলের কারণে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি এখন দ্বিধাবিভক্ত। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারকে বাদ দিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠন করায় দলে কোন্দল দেখা দিয়েছে। কোন্দলের কারণে উপজেলা বিএনপির দুই পক্ষ কেন্দ্রের কর্মসূচিসহ দলীয় সব কর্মকাণ্ড আলাদাভাবে পালন করছে।দলের এক পক্ষের নেতৃত্বে সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার, অন্য পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ তালুকদার। এ অবস্থায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার মামলাসংক্রান্ত জটিলতার কারণে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। এই অবস্থায় ফারুক আহমেদ তালুকদার বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে দলের মনোনয়ন পান। তবে তিনি আওয়ামী লীগের প্রার্থী আ স ম ফিরোজের কাছে হেরে যান।২০০৯ সালের ১০ নভেম্বর ফারুক আহমেদ তালুকদারকে সভাপতি ও শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির ৭১ সদস্যের কমিটি করা হয়। ওই কমিটিতে শহিদুল আলম তালুকদার ঠাঁই পাননি। এ অবস্থায় তিনি সমর্থকদের নিয়ে ইতিমধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নে তাঁর অনুসারীদের নিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি উপজেলার ১৪টি ইউনিয়নে প্রার্থী সমর্থন দেয়। কিন্তু নির্বাচনে তাঁদের সবাই পরাজিত হন।এ প্রসঙ্গে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বলেন, শহিদুল আলম তালুকদারকে উপজেলা কমিটিতে না রাখায় তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে দলীয় কোন্দল বেড়েছে। বাউফল পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আপেল মাহমুদ বলেন, ‘বর্তমানে এ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল। বর্তমান কমিটিতে যাঁরা দায়িত্বপ্রাপ্ত, দলীয় কর্মকাণ্ডে তাঁদের অনেকেরই সম্পৃক্ততা নেই বলেই চলে।’ তবে বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দাবি করেন, বাউফলে বর্তমানে ফারুক তালুকদারের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত।শহিদুল আলম তালুকদার উপজেলা বিএনপির বর্তমান অবস্থার জন্য ফারুক তালুকদারকে দায়ী করে বলেন, তিনি আসলে একজন ব্যবসায়ী, রাজনীতিক নন। তাই আজ পর্যন্ত বাউফলে দলকে গোছাতে পারেননি। উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নিজেকে দক্ষ ও যোগ্য রাজনীতিক দাবি করে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে শহিদুল আলম তালুকদার প্রকাশ্যে দলীয় প্রার্থীর (তাঁর) বিরোধিতা করেছেন। দলীয় হাই কমান্ড এ কারণেই তাঁকে দলে রাখেনি। এ ছাড়া তিনি যে কমিটি করার কথা বলছেন আসলে ওটা বিএনপির কমিটি নয়, ওটা শহিদুল আলম কমিটি।পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামায় শহিদুল আলম তালুকদারকে জেলা কমিটি দল থেকে বহিষ্কার করে সিদ্ধান্ত কেন্দ্রে পাঠিয়েছে। তিনি এখন দলের কেউ নন। তিনি বিএনপির নামে কমিটি গঠনসহ যে কর্মকাণ্ড চালাচ্ছেন, এগুলোর এখতিয়ার তাঁর নেই।