কোন্দলে বগুড়া আ.লীগে ১৯ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আবারও খুনের ঘটনা ঘটল। গত মঙ্গলবার ধারালো অস্ত্রের আঘাতে খুন হন জেলা যুবলীগের বহিষ্কৃত সহপ্রচার সম্পাদক আমিনুর রহমান ওরফে শাহিন (৪০)। শহরের ফুলদীঘি এলাকার বাসিন্দা শাহিনের নাম পুলিশের সন্ত্রাসী তালিকায় ছিল।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সোয়া দুই বছরে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোর ১৯ নেতা-কর্মী খুন হলেন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন, যুবলীগের সাত, স্বেচ্ছাসেবক লীগের এক, কৃষক লীগের এক, ছাত্রলীগের তিন ও শ্রমিক লীগের দুজন নেতা-কর্মী রয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ খুনের ঘটনাই ঘটেছে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, দরপত্র নিয়ন্ত্রণ এবং মাদক ও বালু ব্যবসাকে কেন্দ্র করে।পুলিশের তথ্য অনুযায়ী, ফুলদীঘি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন শাহিন। গত বছরের ১২ আগস্ট শাহিন ও একই এলাকার যুবলীগের নেতা পরিচয়ধারী মজনু মিয়ার পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মামলা হলে শাহিনকে পুলিশ গ্রেপ্তার করে। এক মাসের মাথায় তিনি জামিনে মুক্তি পান।শাহিন খুনের ঘটনায় মজনু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু জাফর সিদ্দিকীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। তবে তাঁদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মজনু নিজেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দাবি করেন। তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমানের ভাষ্য, মজনু তাঁর দলে নেই।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৪ জুন রাতে শহরের শিববাটি সেবক সমিতির ভবনের ভেতর গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনকে। বালু ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই খুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে যুবলীগের নেতা (শহর প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক) সৈয়দ ওমর খৈয়াম ওরফে রোপনসহ ছয়জনকে আসামি করে মামলা হয়। রোপন এখন জামিনে মুক্ত।এরপর গত ১৪ আগস্ট সন্ধ্যায় শহরের মালতিনগরে গুলি করে ও কুপিয়ে খুন করা হয় যুবলীগের কর্মী রোকনুজ্জামান ওরফে রিপনকে। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এবং বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে। সিপারসহ ১১ জনকে আসামি করে মামলা হলেও পুলিশ দীর্ঘ দিনেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।অন্যান্য মামলার ক্ষেত্রেও মূল আসামিরা কেউ জামিনে মুক্ত কেউবা গা-ঢাকা দিয়ে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।বগুড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) আরিফুর রহমান মণ্ডল বলেন, বালু ও ফেনসিডিল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। তবে খুনি যে দলেরই হোক না কেন, তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।