কোন্দলে বিপর্যস্ত রায়পুর আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। গত এক বছরে তিনবার সম্মেলনের তারিখ দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এ কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
এ অবস্থায় দুই বছর ধরে উপজেলায় খুঁড়িয়ে চলছে ক্ষমতাসীন এ দলটির কার্যক্রম। দলের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর রায়পুর পৌরসভায় মিছিলের সিদ্ধান্ত নেয়। কিন্তু তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে আসতে অপারগতা প্রকাশ করেন। পরে বাধ্য হয়ে মিছিলের কর্মসূচি বাতিল করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল সভাপতি ও ইসমাইল খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত কয়েক বছরে ৫১ সদস্যের এ কমিটির বেশ কিছু নেতা মারা গেছেন। এক বছর আগে ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হয়নি।
১৪ নভেম্বর যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী খোকন তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। ওই সময় তিনি ক্ষোভ প্রকাশ করে নেতা-কর্মীদের বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেন না। সব সময় অসুস্থতার ভান করেন। আর টেন্ডার বা ভাগ-বাঁটোয়ারার কথা বললে দ্রুত চলে আসেন। এ ধরনের নেতাকে দিয়ে করা কমিটির কারণেই দল আজ বিধ্বস্ত।
কয়েকজন সাধারণ নেতা-কর্মী জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে সাবেক সাংসদ হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়। এ মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নেন দলের স্থানীয় প্রভাবশালী কিছু নেতা। তাঁরা যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নেন। তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামেন। দ্বিধাবিভক্ত হয়ে যায় দলীয় ভোট। ফলাফলে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয় হয়। সংসদ নির্বাচনের কিছুদিন পর অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী। নিজের স্বার্থে তিনি ওই সময় দলকে ঐক্যবদ্ধ করেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কারণে নির্বাচিতও হন তিনি। তাঁর স্বার্থ হাসিলের কয়েক মাস পর ফের বিভক্ত হয়ে যায় আওয়ামী লীগ। এসব নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ।
সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার পাঠান বলেন, জেলা থেকে বারবার সম্মেলনের জন্য বলা হয়। তিনবার তারিখও দেওয়া হয়। গুটিকয়েক নেতা স্বার্থ হাসিলের জন্য সম্মেলন করছেন না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইসমাইল প্রথম আলোকে বলেন, দল এখন সুসংগঠিত। প্রতিটি কর্মসূচি পালিত হয়। নানা জটিলতার কারণে নির্ধারিত তারিখে সম্মেলন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দলকে ঢেলে সাজানো হয়েছে।