কোন্দলে স্থবির ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ
কোন্দলের কারণে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সংগঠনটি গত এক বছর দলের বিভিন্ন কর্মসূচি দায়সারাভাবে পালন করেছে।দলীয় সূত্রে জানা গেছে, সাত বছর পর গত বছরের ১২ মে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে চলে যান। কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকায় ফিরে ওই দিন মুঠোফোনে জানিয়ে দেন, ফখরুল ইসলামকে জেলা ছাত্রলীগের সভাপতি আর ফয়সাল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ঘটনায় দলের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এর প্রতিবাদে তাঁরা ওই দিন রাতেই ঠাকুরগাঁও শহরে সড়ক অবরোধ করেন।এদিকে সভাপতি ও সম্পাদক দলের বিভিন্ন কর্মসূচি দায়সারাভাবে পালন করায় মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে থাকে। এ অবস্থায় গত এপ্রিলে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ী আছে অভিযোগ এনে গত ২৬ এপ্রিল ওই কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।পরে এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটি আর্থিক সুবিধা নিয়ে সোহেল রানা, ফারুক হোসেন, মো. রফিক, সামসুল আলম, রকি দাস, মোহাম্মদ আলী, উৎপল বড়ুয়াসহ বেশ কয়েকজন অছাত্রকে জেলা কমিটিতে ঠাঁই দিয়েছে। বিক্ষুব্ধরা ওই রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। সে সময় তাঁরা ঘোষণা দেন, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত জেলা ছাত্রলীগের সব কার্যক্রম বন্ধ থাকবে। মূলত এরপর সংগঠনে কোণঠাসা হয়ে পড়েন নতুন কমিটির সদস্যরা।এদিকে গত সোমবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিত জি এম সিরাজী ও আসাদুজ্জামান দাবি করেন, কমিটি থেকে অধিকাংশ সদস্য পদত্যাগ করায় জেলা কমিটি নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তাঁরা সংগঠনকে রক্ষার জন্য কেন্দ্রের হস্তক্ষেপে বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানান।তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ কমিটির অধিকাংশ নেতার পদত্যাগের বিষয়টি গুজব উল্লেখ করে বলেন, ‘নেতৃত্ব পেয়ে সংগঠন গোছাতে সময় লেগেছে বলে সব কর্মসূচি যথাযথভাবে পালন করতে পারিনি। এ কারণে পদত্যাগ করার কোনো যুক্তি নেই।’সভাপতি ফখরুল ইসলাম দাবি করেন, অছাত্র ও টেন্ডারবাজির সঙ্গে সম্পৃক্তদের বাদ দিয়ে নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকে তাঁরা ছাত্রলীগের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করেছেন।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম গোলাম ফারুক বলেন, ‘নেতৃত্ব-সংকটে জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থরিব হয়ে পড়েছে দেখে খারাপ লাগছে। সংগঠনকে সাধারণ ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য করে তুলতে হলে কোন্দল কাটিয়ে পরীক্ষিত ও দক্ষ কর্মীদের কাছে নেতৃত্ব তুলে দিতে হবে।’